বৃহস্পতিবার, 19 নভেম্বর 2026
সকল বিভাগ

লটারির বদলে মেধাভিত্তিক ভর্তি পরীক্ষা চালুর দাবিতে ময়মনসিংহে মানববন্ধন

সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে প্রচলিত লটারি পদ্ধতি বাতিল করে আবারও মেধাভিত্তিক ভর্তি পরীক্ষা চালুর দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।

লটারির বদলে মেধাভিত্তিক ভর্তি পরীক্ষা চালুর দাবিতে ময়মনসিংহে মানববন্ধন

সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে প্রচলিত লটারি পদ্ধতি বাতিল করে আবারও মেধাভিত্তিক ভর্তি পরীক্ষা চালুর দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।
‎
‎মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কয়েক শ অভিভাবক ও শিক্ষার্থী অংশ নেন।
‎
‎সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এ-সংক্রান্ত নতুন খসড়া সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবক খায়রুল ইসলাম বলেন, লটারি পদ্ধতিতে শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের যথাযথ মূল্যায়ন হচ্ছে না। দীর্ঘদিন পড়াশোনা ও প্রস্তুতি নেওয়ার পরও শুধু লটারির মাধ্যমে বিদ্যালয়ে ভর্তির সুযোগ নির্ধারিত হওয়ায় অনেক শিক্ষার্থী তাদের পছন্দের বিদ্যালয়ে ভর্তি হতে পারছে না।
‎
‎অভিভাবকদের অভিযোগ, লটারি পদ্ধতির কারণে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব ও পড়াশোনার প্রতি আগ্রহ কমে যাচ্ছে। সরকারি বিদ্যালয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ভর্তির সুযোগ নিশ্চিত করতে তাঁরা আগের মতো ভর্তি পরীক্ষা চালুর দাবি জানান।
‎
‎মানববন্ধনে নূরন্নাহার বেগম বলেন, শিক্ষার্থীদের মেধা যাচাই না করে শুধু ভাগ্যের ওপর বিদ্যালয়ে ভর্তি নির্ভর করা উচিত নয়। শিক্ষা ব্যবস্থায় দীর্ঘমেয়াদি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত নেওয়া প্রয়োজন।
‎
‎অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসফিয়া রহমান বলেন, লটারির পরিবর্তে পরীক্ষা নিয়ে মেধার ভিত্তিতে ভর্তি নিশ্চিত করা হলে প্রকৃত শিক্ষার মূল্যায়ন হবে।
‎
‎মানববন্ধন থেকে দ্রুত লটারি পদ্ধতি বাতিল করে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক মেধাভিত্তিক ভর্তি পরীক্ষা চালুর দাবি জানানো হয়। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী সময়ে আরও কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।