সোমবার, 12 অক্টোবর 2026
সকল বিভাগ

রূপপুরের বিদ্যুৎ ‘দ্রুততম সময়ে’ জাতীয় গ্রিডে সরবরাহ— আশ্বাস রোসাটমের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রোসাটম। পাশাপাশি আগামী বছর থেকে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের কমিশনিং ও প্রাথমিক স্টার্টআপ কার্যক্রম শুরুর পরিকল্পনার কথাও জানিয়েছে সংস্থাটি।

রূপপুরের বিদ্যুৎ ‘দ্রুততম সময়ে’ জাতীয় গ্রিডে সরবরাহ— আশ্বাস রোসাটমের
চিত্র: সংগৃহীত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রোসাটম। পাশাপাশি আগামী বছর থেকে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের কমিশনিং ও প্রাথমিক স্টার্টআপ কার্যক্রম শুরুর পরিকল্পনার কথাও জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (৯ অক্টোবর) রাশিয়ার রাজধানী মস্কোয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে বৈঠকে রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ এ আশ্বাস দেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে রূপপুর প্রকল্পের সার্বিক অগ্রগতি এবং প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরুর সময়সীমা নিয়ে আলোচনা হয়। এ সময় অ্যালেক্সি লিখাচেভ বলেন, ‘রূপপুরের প্রথম ইউনিটের ভিভিইআর-১২০০ চুল্লি থেকে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে।’

রোসাটমের মহাপরিচালক আরও বলেন, ‘আগামী বছর থেকে রূপপুরের দ্বিতীয় ইউনিটের কমিশনিং ও প্রাথমিক স্টার্টআপ কার্যক্রম শুরু হবে। অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনের আগে প্রয়োজনীয় পরীক্ষা ও চুল্লি চালুর প্রাথমিক কাজ শুরু হবে।’ বাংলাদেশের বিদ্যুৎ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশবান্ধব ও সাশ্রয়ী জ্বালানি সরবরাহে রূপপুর প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১১ শতাংশ পূরণ করবে। প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের পারমাণবিক শক্তি খাতের ভবিষ্যৎ সম্প্রসারণ এবং এ খাতে বাংলাদেশ ও রাশিয়ার সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

পাবনার রূপপুরে রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় নির্মিত হচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এর দুটি ইউনিটের মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।

এরই মধ্যে গত বৃহস্পতিবার প্রথম ইউনিটের চুল্লিতে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া বা ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’ শুরুর অনুমতি দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়রা)।