২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সশরীরে হাজির করা হবে না। কারাগারে রেখেই অডিও-ভিজ্যুয়াল কনফারেন্সের মাধ্যমে তাঁকে বিচারপ্রক্রিয়ায় যুক্ত করা হবে।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। এক ভিডিও বার্তায় তিনি বলেন, শাপলা চত্বর মামলার বিচারকাজে জিয়াউল আহসানকে ভার্চ্যুয়ালি অংশ নেওয়ার সুযোগ দিতে প্রসিকিউশনের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। শুনানি শেষে ট্রাইব্যুনাল সেই আবেদন মঞ্জুর করেছেন।
প্রসিকিউটর গাজী মোনাওয়ার বলেন, এখন থেকে শাপলা চত্বরের মামলায় জিয়াউল আহসানকে কারাগারে রেখেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজির করা হবে। এ আদেশ শুধু জিয়াউল আহসানের ক্ষেত্রে নয়, মামলার যেকোনো আসামির ক্ষেত্রেই প্রযোজ্য হবে। কোনো আসামি দীর্ঘদিন অসুস্থ থাকলে অথবা অনিয়ন্ত্রিত কিংবা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করলে তাঁকেও ভার্চ্যুয়ালি হাজির করা যাবে। হাতকড়া পরতে না চাওয়া, আদালতে আসতে না চাওয়া কিংবা প্রচলিত রীতি ও চর্চা মানতে অস্বীকৃতি জানানোও এর মধ্যে পড়বে।
জিয়াউল আহসানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলা চলছে। গত অক্টোবরে ট্রাইব্যুনাল-১-এর আদেশের পর থেকে ওই মামলায় তাঁকে সশরীরে হাজির করা হয় না। ভার্চ্যুয়ালি বিচারপ্রক্রিয়ায় অংশ নেন তিনি। এভাবে কথা বলার পাশাপাশি বিচার চলাকালে ফোনে নিজের আইনজীবীর সঙ্গেও কথা বলতে পারেন।
জিয়াউলকে কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা-নেওয়ার পদ্ধতি নিয়ে বিতর্কের সূত্রপাত গত ৮ অক্টোবর। সেদিন তাঁর আইনজীবী ও বোন নাজনীন নাহার ট্রাইব্যুনাল-১-এ আবেদন করেন, জিয়াউলকে কারাগার থেকে ট্রাইব্যুনালে একটি পৃথক গাড়িতে আনা-নেওয়া করা হয়, যা বিপজ্জনক। তাঁকে অন্য আসামিদের সঙ্গে আনা-নেওয়ার আবেদন করেন তাঁরা।
এর বিরোধিতা করে প্রসিকিউশন জিয়াউলকে সশরীরে না এনে ভার্চ্যুয়ালি শুনানিতে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার আবেদন করে। ট্রাইব্যুনাল-১ প্রসিকিউশনের সেই আবেদন মঞ্জুর করেন।
তবে শাপলা চত্বরের মামলায় ট্রাইব্যুনাল-২ জিয়াউলকে কারাবিধি মেনে হাজির করার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ অনুযায়ী গত বৃহস্পতিবার তাঁকে ট্রাইব্যুনালে আনা হয়। সেদিন তাঁর হাতে হাতকড়া ও চোখে কালো চশমা ছিল। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। গুমের শিকার এক বিএনপি নেতার স্ত্রী বিষয়টি নিয়ে জাতীয় সংসদেও প্রশ্ন তোলেন।
সোমবার আবার জিয়াউলকে দুই হাত পেছনে হাতকড়া পরিয়ে, মাথায় হেলমেট ও বুকে ভেস্ট পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে বিকেলে প্রসিকিউটর গাজী মোনাওয়ার জানান, শাপলা চত্বরের মামলাতেও তাঁকে আর সশরীরে ট্রাইব্যুনালে আনা হবে না।