সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে চলমান সংঘাত নিরসনে সংলাপ শুরু এবং রাজনৈতিক সমাধানের পথ তৈরি করতে যেকোনো ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত ইরান। রোববার (১১ অক্টোবর) দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ আগ্রহের কথা জানিয়েছেন।
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ আল সৌদের সঙ্গে টেলিফোনে আলাপকালে এ প্রস্তাব দেন আব্বাস আরাগচি। এ সময় পশ্চিম এশিয়ার চলমান পরিস্থিতি নিয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়।
আরাগচি বলেন, ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে ইরান গভীরভাবে উদ্বিগ্ন। সামরিক পদক্ষেপের ওপর নির্ভরশীলতা এবং রাজনৈতিক সমাধানের পথ উপেক্ষা করার প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
তিনি জোর দিয়ে বলেন, পশ্চিম এশিয়ার সংকটগুলোর কোনো সামরিক সমাধান নেই। এসব সংকট নিরসনে রাজনৈতিক উদ্যোগ ও সংলাপের কোনো বিকল্প নেই।
এমন এক সময়ে ইরানের পক্ষ থেকে মধ্যস্থতার প্রস্তাব দেওয়া হলো, যখন সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। হুথিদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় সৌদি আরবের বিমান হামলা বেড়েছে। অন্যদিকে, সৌদি আরবের বিমানবন্দর, জ্বালানি স্থাপনাসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে হুথিরা।
ক্রমবর্ধমান এই সংঘাত ইয়েমেনের সীমানা ছাড়িয়ে সৌদি আরবের অভ্যন্তরেও ছড়িয়ে পড়ছে।