নিরাপত্তার কারণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। আজ রোববার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকদের সাজেকে প্রবেশ ও সেখানে অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। বর্তমানে সাজেকে অবস্থানরত পর্যটকদের আগামী মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে পর্যটন এলাকা ছেড়ে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ রোববার সন্ধ্যায় রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
এর আগে আজ দুপুরে সাজেকের স্থানীয় দুটি পাহাড়ি সংগঠনের ডাকা অবরোধের কারণে সাজেকে যাওয়া ও সেখান থেকে ফেরা পর্যটকবাহী গাড়িবহর প্রায় তিন ঘণ্টা সড়কে আটকে থাকে। পরে পুলিশ ও সেনাবাহিনী আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে বিকেল সাড়ে পাঁচটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
জানা গেছে, জেএসএসের সশস্ত্র তৎপরতা ও চাঁদাবাজির প্রতিবাদে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন এবং সাজেক গণ অধিকার রক্ষা কমিটি নামের দুটি সংগঠন অবরোধের ডাক দেয়। সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা জানান, প্রশাসনের কাছে তিন দফা দাবি উত্থাপনের পর সেগুলো বিবেচনার আশ্বাস পাওয়া গেছে। এ কারণে আগামী ৪৮ ঘণ্টার জন্য আন্দোলন শিথিল করা হয়েছে।
তবে স্থানীয় বাসিন্দাদের হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে জেএসএস। সংগঠনটির দাবি, ইউপিডিএফের চাপে দুটি সংগঠন সড়ক অবরোধের কর্মসূচি দিয়েছে।
জেএসএসের তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা প্রথম আলোকে বলেন, সাজেকে সাধারণ মানুষের ওপর ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের দীর্ঘদিনের নিপীড়ন ও হয়রানির ঘটনা আড়াল করতেই এমন অভিযোগ তোলা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা প্রথম আলোকে বলেন, ইউপিডিএফের চাপে কোনো সংগঠন অবরোধ কর্মসূচি দেয়নি। তবে সাধারণ মানুষের পক্ষে দুটি সংগঠন যে কর্মসূচি দিয়েছে, তার প্রতি ইউপিডিএফের সমর্থন রয়েছে।