হামে আক্রান্ত হয়ে দেশে শিশুদের মৃত্যুর ঘটনায় নিজের ব্যর্থতা স্বীকার করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। এ জন্য সব দায় নিজের ওপর নিয়ে তিনি বলেছেন, “হামে মৃত্যুর দায় তো আমার, দায়ি আমি। আমাকে ফাঁসি দেন, আমি স্বাস্থ্যমন্ত্রী, আমি পারি নাই। এর বাইরে আমি কাউকে দোষ দেব না। এটা আমার ব্যর্থতা। তবে আমি চেষ্টা করে যাচ্ছি।”
সোমবার রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নবনির্মিত চারতলা স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের শেষ পর্যায়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
টিকা নেওয়ার ক্ষেত্রে অনেকের অনীহা রয়েছে বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। তাঁর ভাষ্য, “এখন যারা হামে আক্রান্ত হচ্ছে তাদের প্রায় কেউই টিকা নেওয়া ছিল না। তাদের বড় অংশের বয়স ছয় মাসের কম।”
একটি হাসপাতালে ভর্তি হাম আক্রান্ত শিশুদের প্রায় কারও টিকা নেওয়া নেই বলে তাঁকে জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
টিকা না নেওয়ার পেছনে অভিভাবকদের অবহেলার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, “শিশুরা টিকা না নেওয়ার পেছনে অনেক সময় মা-বাবারাও অবহেলা করেন, অনেকে ইনজেকশনের ভয়ে টিকাকেন্দ্রে আসেন না। তবে আমরা প্রটোকলের বাইরে গিয়ে কিছু করতে পারি না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে পরামর্শ করে ব্যবস্থা নিচ্ছি। টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের অনুমোদিত আন্তর্জাতিক মানের।”
ছয় মাসের কম বয়সী শিশুদের হাম হলেও তাদের টিকা দেওয়া যাচ্ছে না বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, “ছয় মাসের নিচের বয়সিদের হাম হচ্ছে কিন্তু টিকা দিতে পারছি না। এই বিষয়ে নিয়ে আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে, ছয় মাসের কম বয়সি শিশুদের টিকা দিলে প্যারালাইসিস বা অন্যান্য রোগ হতে পারে।
“এ সমস্যার স্থায়ী সমাধানে কয়েক হাজার কোটি টাকার পৃথক প্রকল্প নেওয়া হয়েছে। মেডিকেল ও সাধারণ বর্জ্য পৃথকভাবে ব্যবস্থাপনার উদ্যোগ চলছে। ভবিষ্যতে দেশের প্রতিটি মানুষের জন্য উন্নত, আধুনিক ও সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিতের পাশাপাশি দুর্নীতিমুক্ত ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে।”
হামে মৃত্যুর সংখ্যা ১ হাজার ২৮৪
সরকারি হিসাব অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৮৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১৭৯ জন। বাকি ১০৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছিল।
চলতি বছরের মার্চের মাঝামাঝি থেকে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে শিশুমৃত্যু বাড়তে শুরু করে। রোগটির প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার মধ্যে এপ্রিল ও মে মাসে টিকার সংকটের বিষয়টি সামনে এলে এ নিয়ে সমালোচনা শুরু হয়।
মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে টিকা সংগ্রহ না করার অভিযোগ ওঠে। একের পর এক শিশুর মৃত্যুর ঘটনায় ওই সরকার ও স্বাস্থ্য প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভও হয়।
২০২৪ সাল পর্যন্ত ইউনিসেফের মাধ্যমে সরাসরি ক্রয়প্রক্রিয়ায় টিকা সংগ্রহ করত সরকার। এর অর্থায়নের প্রধান উৎস ছিল দাতাদের সহায়তা। তবে ২০২৫ সালে তৎকালীন অন্তর্বর্তী সরকার টিকা কেনার ব্যয় রাজস্ব বাজেটের আওতায় এনে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনার উদ্যোগ নেয়।
এ ছাড়া জুলাই অভ্যুত্থানের সময়কার বিরূপ পরিস্থিতি এবং টিকাদান কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দীর্ঘদিনের আন্দোলনের কারণেও টিকা কার্যক্রম ব্যাহত হয়।
চলতি বছরের জানুয়ারিতে অন্তর্বর্তী সরকার যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিল, তখনই দেশে হামের প্রাদুর্ভাব শুরু হয়। মার্চে রোগীর সংখ্যা বাড়তে থাকলে টিকাদান কার্যক্রম যথাযথভাবে পরিচালিত না হওয়ার বিষয়টি সামনে আসে।
হামের টিকা কেনা ও বিতরণে ‘বিলম্ব, অনিয়ম, ব্যর্থতায়’ অন্তর্বর্তী সরকারের ‘দায় দায়িত্ব’ নিরূপণে সরকার তিন সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে। গত ৪ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে গেজেট প্রকাশ করে। হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মামনুন রহমানকে কমিশনের প্রধান করা হয়েছে।
শিশু হাসপাতালের অনুষ্ঠানের আগে স্বাস্থ্যমন্ত্রী জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এর নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), পোস্ট অপারেটিভ বিভাগ, ই-রেজিস্ট্রেশন, কিউআর কোড এবং বহির্বিভাগের উদ্বোধন করেন। সেখানে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে প্রতিষ্ঠানটির উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণাও দেন তিনি।
শিশু হাসপাতালের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক।