জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংশোধনের জন্য জমা পড়া প্রায় ১ লাখ ৩০ হাজার আবেদন বর্তমানে প্রক্রিয়াধীন বা পেন্ডিং অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর।
বুধবার (১১ মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবীর জানান, এনআইডি সংশোধনের কাজ অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তিনি এই পদে যোগ দেওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ১২ লাখ সংশোধনী আবেদন সফলভাবে নিষ্পত্তি করেছেন। তিনি আরও উল্লেখ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে যখন এনআইডি সংশোধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল, তখন পেন্ডিং আবেদনের সংখ্যা ছিল প্রায় ৭৫ থেকে ৭৬ হাজার। তবে গত কয়েক মাসে নতুন আবেদন জমা হওয়ায় এই সংখ্যা বেড়ে এখন ১ লাখ ৩০ হাজারে দাঁড়িয়েছে।
ভুক্তিভোগীদের আশ্বস্ত করে এনআইডি ডিজি বলেন, পেন্ডিং থাকা এই বিপুল সংখ্যক আবেদন দ্রুত সময়ের মধ্যে পর্যায়ক্রমে নিষ্পত্তি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য নাগরিকদের কষ্ট করে নির্বাচন কমিশন অফিসে আসার কোনো প্রয়োজন নেই। স্বচ্ছতা ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই আবেদনকারীদের সংশোধনীগুলো সম্পন্ন করা হবে।