ঢাকা-১৮ সংসদীয় আসনে ১১ দলীয় নির্বাচনী জোট সমর্থিত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২৬ জানুয়ারি) দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতির মাধ্যমে এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, সকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আরিফুল ইসলাম খিলক্ষেত থানার ডুমনি নূরপাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগ করছিলেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত আক্রমণ চালায় বলে অভিযোগ করা হয়েছে। এই হামলায় বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন উল্লেখ করে জামায়াত নেতা বলেন, নির্বাচনী প্রচারণার সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড রাজনৈতিক শিষ্টাচার ও গণতন্ত্রের পরিপন্থী।
এহসানুল মাহবুব জুবায়ের আরও উল্লেখ করেন, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের ওপর এমন সহিংসতা কোনোভাবেই কাম্য হতে পারে না। তিনি অবিলম্বে এই ঘটনার তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। একইসঙ্গে তিনি বলেন, নির্বাচনের সময় শান্তি ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখা প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রধান দায়িত্ব। এই দায়িত্ব পালনে কোনো ধরণের অবহেলা দেশবাসী মেনে নেবে না বলে তিনি সতর্ক করেন।