শনিবার সকালে ঢাকার বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন দৃশ্যমান তৎপরতা চোখে পড়ে।
ধানমণ্ডি ৩২ নম্বর রোডের প্রবেশ মুখে প্রস্তুত রাখা হয়েছে পুলিশের বিশেষ ওয়াটার ক্যানন। ঐ এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখতে দায়িত্ব পালন করছেন শতাধিক পুলিশ সদস্য।
ঘটনাস্থলে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উপপরিদর্শক (এসআই) জহুরুল সংবাদমাধ্যমকে জানান, রমনা জোনের পুলিশ কমিশনারের বিশেষ নির্দেশে ভোর থেকেই তারা সেখানে অবস্থান নিয়েছেন। সকাল থেকেই ৩৩ জন এপিবিএন সদস্য সড়কের দুই প্রান্তে অবস্থান নিয়ে সতর্কতার সঙ্গে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছেন।
এর আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একটি বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়, সার্বিক জননিরাপত্তা বজায় রাখা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুরো ঢাকাকে নিশ্ছিদ্র নিরাপত্তার আওতায় আনা হয়েছে। মহানগরের বিভিন্ন পয়েন্টে পিকেটিং ও তল্লাশি চৌকি স্থাপন করা হয়েছে। শহরের প্রতিটি প্রবেশদ্বারে তল্লাশি ব্যবস্থা কড়াকড়ি করার পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা মাঠে নজরদারি বাড়িয়েছেন।