দীর্ঘ দুই দশক পর আবার চট্টগ্রামে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী রোববার নগরের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত বড় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। এই সফরকে ঘিরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। নগর ও জেলার বিভিন্ন এলাকায় চলছে প্রস্তুতি সভা ও ব্যাপক প্রচারণা। আয়োজকদের আশা, সমাবেশে অন্তত ১০ লাখ মানুষের সমাগম হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, শনিবার রাতে তারেক রহমান চট্টগ্রামে পৌঁছে নগরেই অবস্থান করবেন। পরদিন রোববার বেলা ১১টায় পলোগ্রাউন্ড মাঠে তিনি বক্তব্য দেবেন। তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরসহ আশপাশের উপজেলা থেকে বিপুলসংখ্যক মানুষের ঢল নামবে বলে আশা করছেন দলীয় নেতারা।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এটি কেবল দলীয় কর্মসূচি নয়, বরং একটি জনসম্পৃক্ত আয়োজন। তাঁর মতে, তারেক রহমানের আগমন উপলক্ষে দলমত নির্বিশেষে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ঘটবে। শুধু বিএনপির নেতা–কর্মী নয়, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও সমাবেশে যোগ দেবেন।
তিনি আরও বলেন, দীর্ঘদিন পর তারেক রহমান নিজে চট্টগ্রামে এসে জনগণের সঙ্গে কথা বলবেন—এই বিষয়টি সাধারণ মানুষের মধ্যেও আলাদা আগ্রহ ও আবেগ সৃষ্টি করেছে। অতীতের যেকোনো সমাবেশের তুলনায় এবারের সমাগম হবে ব্যতিক্রমী।
উল্লেখ্য, বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বশেষ ২০১২ সালের ৯ জানুয়ারি পলোগ্রাউন্ড মাঠের সমাবেশে বক্তব্য দিয়েছিলেন। প্রায় ১৪ বছর পর একই মাঠে এবার দলের চেয়ারম্যান হিসেবে তাঁর ছেলে তারেক রহমান বক্তব্য দিতে যাচ্ছেন।
তারেক রহমান সর্বশেষ ২০০৫ সালের ৬ মে চট্টগ্রামে এসেছিলেন, তখন তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। চলতি বছরের ৯ জানুয়ারি তাঁকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়। ফলে দলীয় প্রধান হিসেবে এবারই প্রথম চট্টগ্রাম সফরে আসছেন তিনি। ওই সময় সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের পক্ষে প্রচারে বক্তব্য দিয়েছিলেন তিনি। দীর্ঘ ২০ বছর পর আবার বড় জনসমাবেশে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান।
নগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ জানান, যুবদলের পক্ষ থেকে প্রস্তুতি সভা ও প্রচারণা জোরদার করা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, নগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের এক লাখের বেশি নেতা–কর্মী সমাবেশে অংশ নেবেন।
এদিকে পলোগ্রাউন্ড মাঠে মঞ্চ নির্মাণের কাজ পুরোদমে চলছে। শ্রমিকেরা গত পাঁচ দিন ধরে প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম জানান, মঞ্চের দৈর্ঘ্য হবে ১০০ ফুট এবং প্রস্থ ৬০ ফুট। সামনের অংশে নিরাপত্তাকর্মী, এরপর নারী ও গণমাধ্যমকর্মীদের জন্য নির্ধারিত স্থান রাখা হয়েছে, তার পেছনে অবস্থান করবেন সাধারণ দর্শনার্থীরা।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন জানান, শনিবারের মধ্যেই সব প্রস্তুতি শেষ হবে। নিরাপত্তা তদারকিতে শুক্রবার বিএনপির নিজস্ব বাহিনী ‘চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স’ চট্টগ্রামে পৌঁছাবে।
নগর পুলিশের কমিশনার হাসিব আজিজ বলেন, সমাবেশস্থল ও আশপাশের এলাকায় তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা থাকবে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকধারী সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেন, তারেক রহমানের আগমন ঘিরে নেতা–কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। তাঁর নেতৃত্বে দলের আন্দোলন আরও সুসংগঠিত হবে এবং চলমান নির্বাচন পরিস্থিতি শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।