ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দর্শকরা সর্বনিম্ন ২০০ টাকা থেকে সর্বোচ্চ ২ হাজার টাকায় গ্যালারিতে বসে ম্যাচ উপভোগ করতে পারবেন। টিকিট সংগ্রহের একমাত্র মাধ্যম রাখা হয়েছে ওয়েবসাইট।
বিসিবি জানিয়েছে, সবচেয়ে কম দামের টিকিট রাখা হয়েছে ইস্টার্ন গ্যালারির জন্য, যার মূল্য ২০০ টাকা। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড এবং নর্দান গ্যালারির টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা করে।
এ ছাড়া ক্লাব হাউস সাউথ (শহীদ মুশতাক স্ট্যান্ড) ও ক্লাব হাউস নর্থের (শহীদ জুয়েল স্ট্যান্ড) টিকিটের দাম রাখা হয়েছে ৬০০ টাকা।
আন্তর্জাতিক গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক) এবং আন্তর্জাতিক গ্যালারি সাউথের (করপোরেট ব্লক) টিকিট কিনতে গুনতে হবে ১,০০০ টাকা। অন্যদিকে আন্তর্জাতিক লাউঞ্জ সাউথে (করপোরেট ব্লক) বসে ম্যাচ দেখতে হলে খরচ পড়বে ১,২০০ টাকা।
সবচেয়ে বেশি মূল্যের টিকিট রাখা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডে। এই গ্যালারিতে বসে খেলা দেখতে দর্শকদের ব্যয় করতে হবে ২ হাজার টাকা।
টিকিট কিনতে আগ্রহীরা অনলাইনে www.gobcbticket.com.bd ওয়েবসাইটের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ১১ মার্চ। এরপর ১৩ ও ১৫ মার্চ বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এবং প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে।