প্রায় দুই দশক পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ (মঙ্গলবার, ২৭ জানুয়ারি) ময়মনসিংহে পৌঁছবেন। দুপুর ২টায় সার্কিট হাউস মাঠে তিনি নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন, যা স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ হওয়ার প্রত্যাশা করছে দলের নেতাকর্মীরা।
জনসভায় ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ‘ধানের শীষ’ প্রতীকধারী প্রার্থীদের এক মঞ্চে তুলে তাদের পক্ষে ভোট চাইবেন বিএনপি চেয়ারম্যান। সমাবেশে সভাপতিত্ব করবেন জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক জাকির হোসেন। এছাড়া দলের বিজয়ী হওয়ার জন্য নেতাকর্মীদেরকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেবেন তারেক রহমান।
গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম জানান, “ইতোমধ্যে আমরা চার জেলা ছাড়াও ময়মনসিংহ মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা এবং উপজেলার নেতাদের সঙ্গে সভা সম্পন্ন করেছি। সব ইউনিটের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। সমাবেশস্থলের বিভিন্ন পয়েন্টে এলইডি স্ক্রিন বসানো হবে এবং নারীদের জন্যও আলাদা ব্যবস্থা থাকবে।”
শরীফুল আলম আরও জানান, সর্বশেষ ২০০৪ সালে তারেক রহমান ময়মনসিংহে ইউনিয়ন প্রতিনিধি সভা করেছিলেন। তিনি বলেন, “প্রায় ২২ বছর পর নেতার এই আগমনে এলাকার মানুষ উচ্ছ্বসিত। আমরা আশা করি, তারেক রহমানের সমাবেশ জনসমুদ্রে রূপ নেবে। সার্কিট হাউস মাঠসহ পুরো শহরেই লোকসমাগম হবে। মাঠে সুপেয় পানির ব্যবস্থা এবং সিসি ক্যামেরার আওতায় সমাবেশস্থল থাকবে। প্রশাসনের কাছেও আমরা লিখিতভাবে সহযোগিতা চাইেছি, যা পাওয়া যাচ্ছে। আমরা সফল একটি সমাবেশের প্রত্যাশা করছি।”