আগামী তিন বছরের ভেতর বাংলাদেশ নিজস্ব প্রযুক্তিতে নির্মিত কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাতে সক্ষম হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট করেছেন যে, ভিনদেশি প্রযুক্তির ওপর নির্ভরশীল হয়ে নয়, বরং দেশের মেধাবী তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতাকে কাজে লাগিয়েই বাংলাদেশ সামনের দিকে অগ্রসর হবে।
বৃহস্পতিবার লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের উদ্যোগে আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিজ্ঞানের চর্চায় পিছিয়ে পড়লে পুরো জাতি ও তরুণ সমাজ অগ্রগতি থেকে ছিটকে পড়বে বলে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রীর মতে, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে যুবসমাজকে যথাযথ আধুনিক সুবিধা ও প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা দেওয়া হলে তারা বিশ্বমঞ্চে উদ্ভাবনী ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারবে। সঠিক সহায়তা পেলে দেশের তরুণরা আকাশ জয় করার সামর্থ্যও রাখে বলে তিনি দৃঢ় বিশ্বাস প্রকাশ করেন।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান জানান, আগামী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন কেন্দ্রে রূপান্তর করার লক্ষ্য ঠিক করা হয়েছে। এই বিশাল লক্ষ্য বাস্তবায়নে তরুণদের মেধা ও নতুন কিছু তৈরির আগ্রহকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার তাগিদ দেন তিনি। পাশাপাশি আর্থিক সীমাবদ্ধতার কারণে যেন কোনো সম্ভাবনাময় উদ্ভাবন অঙ্কুরেই হারিয়ে না যায়, তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে পাঁচশ কোটি টাকার একটি বিশেষ স্টার্টআপ তহবিল বরাদ্দ রাখা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।