বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

৫০০ টাকা ধার না পেয়ে ভাবিকে হত্যা করলো দেবর

কক্সবাজারের উখিয়ায় ২২ বছর বয়সী গৃহবধূ জদিদা আক্তার হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নিহতের দেবর নুর শাহিন (১৮) গ্রেপ্তার হয়েছেন। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী হত্যায় ব্যবহৃত একটি ধারালো দা উদ্ধার করা হয়।

৫০০ টাকা ধার না পেয়ে ভাবিকে হত্যা করলো দেবর

কক্সবাজারের উখিয়ায় ২২ বছর বয়সী গৃহবধূ জদিদা আক্তার হত্যার রহস্য  উদঘাটন করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নিহতের দেবর নুর শাহিন (১৮) গ্রেপ্তার হয়েছেন। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী হত্যায় ব্যবহৃত একটি ধারালো দা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার ভোরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মুছারখোলা এলাকায় নিজের ঘর থেকে রক্তাক্ত অবস্থায় জদিদার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর তার বাবা নুরুল ইসলাম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে উখিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার এজাহার অনুযায়ী, প্রায় পাঁচ বছর আগে জদিদা আক্তার দিনমজুর শফিকুল ইসলামের সঙ্গে বিবাহিত হন। দম্পতির একটি চার বছরের ছেলে ও দুই বছরের একটি মেয়ে রয়েছে। ঘটনার দিন ভোরে সেহরির জন্য ডাকতে গিয়ে পরিবারের সদস্যরা জদিদাকে ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার গলায় একটির এবং মাথার পেছনে দুইটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।

পরে বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে পুলিশ পালংখালী ইউনিয়নের গয়ালমারা এলাকায় এমএসএফ হাসপাতালের পাশে একটি বাড়ি থেকে নুর শাহিনকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তিনি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেন।

পুলিশ জানায়, নুর শাহিন জদিদার কাছে ৫০০ টাকা ধার চেয়েছিলেন। টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করেন। স্বীকারোক্তির ভিত্তিতে রাতেই পালংখালী ইউনিয়নের মুছারখোলা এলাকার চিত্তাখোলা খালের পাড় থেকে কাঠের হাতলযুক্ত ২১ ইঞ্চি লম্বা ধারালো দা উদ্ধার করা হয়।

উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আজাদ বলেন, “প্রাথমিকভাবে এটি একটি ক্লু-লেস মামলা ছিল। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যায় ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।”

ওসি মুজিবুর রহমান জানান, শুক্রবার বিকেলে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।