শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

‎৮০০ নবীন শিক্ষার্থীকে গাছের চারা দিয়ে বরণ করে নিল পাবিপ্রবি প্রশাসন

নতুন শিক্ষাজীবনের সূচনাকে স্মরণীয় করে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)। ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিক ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে একটি করে গাছের চারা এবং সোনালি আশ পাটের তৈরি পরিবেশবান্ধব ব্যাগ।

‎৮০০ নবীন শিক্ষার্থীকে গাছের চারা দিয়ে বরণ করে নিল পাবিপ্রবি প্রশাসন

নতুন শিক্ষাজীবনের সূচনাকে স্মরণীয় করে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)। ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিক ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে একটি করে গাছের চারা এবং সোনালি আশ পাটের তৈরি পরিবেশবান্ধব ব্যাগ।

রবিবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠান দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসন নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানায়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীর হাতে একটি ইনডোর গাছের চারা ও সোনালি আশ পাটের তৈরি ব্যাগ তুলে দেওয়া হয়। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব চেতনা গড়ে তোলার উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন নবীন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান এবং আরিফা সুলতানা।

এ ছাড়া উপস্থিত ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাসনাত আলী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশ নেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।

ওরিয়েন্টেশন বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. মো. আব্দুর রশীদ। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।

এ ছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং নবীন শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পাবনা সদর (পাবনা-০৫) আসনের সংসদ সদস্য মোঃ শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, "গঙ্গা ও ব্রহ্মপুত্র বিধৌত, পদ্মা ও যমুনা বিস্তৃত আমাদের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মানব জাতির ইতিহাস অনেক সময় পরিবর্তন হয়েছে ইতিহাসকে প্রভাবিত করেছে মানব সভ্যতাকে প্রভাবিত করেছে। বিভিন্ন বিপ্লবের মধ্য দিয়ে মানব জাতির ইতিহাস পরিবর্তন হয়েছে। বাংলাদেশেও একইভাবে এই বৈপ্লবিক পরিবর্তনের মধ্য দিয়ে নতুন দেশ বির্ণিমাণে এগিয়ে চলছে। এই পরিবর্তন হোক শিক্ষার্থীদের মাধ্যমে এই আশা ব্যাক্ত করি।"

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম বলেন, "বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনটি প্রতিটি শিক্ষার্থীর কাছেই একটি নতুন দিগন্তের উন্মোচন। আর এমন একটি দিনে তাদের প্রত্যেকের হাতে একটি ছোট্ট ইনডোর প্লান্ট তুলে দিচ্ছি। কারণ, এটি সুন্দর একটি বার্তা বহন করে। এই গাছটি প্রতিটি শিক্ষার্থীকে মনে করিয়ে দেবে যে, নিজের স্বপ্নের বীজ বপন করার পর তাকে প্রতিদিন অধ্যবসায়, চেষ্টা ও শৃঙ্খলার মাধ্যমে পরিচর্যা করতে হবে।"

তিনি আরও বলেন, "চার দেয়ালের শ্রেণিকক্ষ আর বইয়ের পাতার বাইরেও আমাদের সবচেয়ে বড় শিক্ষাকেন্দ্র হলো আমাদের পরিবেশ। পড়ার টেবিলে থাকা এই ছোট্ট সবুজ প্রাণটি শিক্ষার্থীদের প্রতিনিয়ত প্রকৃতির প্রতি সংবেদনশীল হতে শেখাবে। এটি শিক্ষার্থীদের মাঝে ধৈর্য ও দায়িত্ববোধ তৈরি করবে, যা তাদের ভবিষ্যতের কর্মজীবনে এবং ব্যক্তিগত জীবনে একজন সহানুভূতিশীল মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে।"

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক নিতুন কুমার পোদ্দার এবং ইংরেজি বিভাগের প্রভাষক সাবিহা আফরিন বাধন।