মঙ্গলবার, 10 নভেম্বর 2026
সকল বিভাগ

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফেনীর দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের বিরোধকে কেন্দ্র করে শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় বিশেষ পোশাক পরা কয়েকজন ব্যক্তিকে অস্ত্র হাতে মহড়া দিতে দেখা যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কিত ব্যবসায়ীরা শহরের দোকানপাট বন্ধ করে দেন।

গতকাল রোববার (৮ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের নেতৃত্বে একটি র‍্যালি বের করা হয়। এতে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

ককটেল বিস্ফোরণের ঘটনায় ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এ ঘটনায় বিএনপির একাধিক নেতা হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের প্রশ্ন, অস্ত্র হাতে মহড়া দেওয়া ব্যক্তিরা কারা? ঐক্য ও সংহতির কর্মসূচিতে এ ধরনের মহড়া ও বিস্ফোরণ কীসের ইঙ্গিত বহন করে? তাদের মতে, এমন ঘটনায় সাধারণ মানুষের কাছে দলের সম্পর্কে নেতিবাচক বার্তা যাচ্ছে এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, র‍্যালিটি দাগনভূঞা সরকারি আতাতুর্ক আদর্শ উচ্চ বিদ্যালয়ের ফটকে পৌঁছালে নিউ সুলতান মার্কেট ও জিরো পয়েন্ট এলাকায় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। র‍্যালি শেষে নেতাকর্মীরা কলেজরোডের দিকে যাওয়ার সময়ও আবার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আতঙ্কিত হয়ে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। বিস্ফোরণের ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে পড়লে পথচারীদের দিকবিদিক ছুটোছুটি করতে দেখা যায়। পরে র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।