মঙ্গলবার, 10 নভেম্বর 2026
সকল বিভাগ

না.গঞ্জের ফতুল্লায় মাদরাসায় আগুন, বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৭৭ শিক্ষার্থী

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৭৭ শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। তাদের মধ্যে চারজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

না.গঞ্জের ফতুল্লায় মাদরাসায় আগুন, বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৭৭ শিক্ষার্থী

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৭৭ শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। তাদের মধ্যে চারজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

মঙ্গলবার শিক্ষার্থীদের চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক রবিউল করিম খান।

তিনি বলেন, মঙ্গলবার ভোররাত থেকে শিক্ষার্থীরা একে একে বার্ন ইনস্টিটিউটে ভর্তি হতে শুরু করে। আগুনে তাদের শরীরের কোনো অংশ পুড়ে না গেলেও ধোঁয়ার কারণে শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি বিবেচনায় দ্রুত মেডিক্যাল বোর্ড গঠন করে শিক্ষার্থীদের চিকিৎসা শুরু করা হয়।

রবিউল করিম খান জানান, প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ১৪ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৬৩ জনকে ভর্তি রেখে তাদের শ্বাসনালির চিকিৎসা চলছে। তবে আইসিইউতে থাকা চার শিক্ষার্থীর শারীরিক অবস্থা সম্পর্কে ৭২ ঘণ্টা পর নিশ্চিত হওয়া যাবে।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, সোমবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে মাদরাসায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

পরে রাত ৩টা ৪৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পাঁচতলা মাদরাসা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। ওই তলায় মাদরাসার কেন্দ্রীয় লাইব্রেরি ছিল। আগুনে লাইব্রেরিটি সম্পূর্ণ পুড়ে গেছে।

অসুস্থ এক শিক্ষার্থীর ভাষ্য, মাদরাসার একটি অংশে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই ভবনের বিভিন্ন স্থানে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে ভবনের ভেতরে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মাদরাসার শিক্ষাসচিব মুফতি আজিজুর রহমান বলেন, যে জায়গায় আগুনের সূত্রপাত হয়েছিল, সেখানে কোনো শিক্ষার্থী অবস্থান করছিল না। তবে আগুন লাগার পর ধোঁয়া পুরো মাদরাসায় ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। মাদরাসা ভবনে একাধিক সিঁড়ি থাকায় সবাই দ্রুত বের হয়ে আসতে পেরেছে।