৫ আগস্টের আগে যারা ক্ষমতায় ছিলেন, তারা দেশের অর্থনীতিকে ফোকলা করে কঙ্কালসার অবস্থায় রেখে পালিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলিগের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রসঙ্গে বলেন, আগুন আর সন্ত্রাস আওয়ামী লীগের ইতিহাস।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর এলাকায় দাউদপুর জেনারেল হাসপাতাল ও রাজিয়া মেমোরিয়াল ট্রাস্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, পটকাবাজি, বোমাবাজি, বাসে আগুন দেওয়া এবং মানুষকে উসকানি দেওয়া আওয়ামী লীগের পুরোনো ইতিহাস। দেশের মানুষকে মনে রাখতে হবে, এই আওয়ামী লীগই হোটেল শেরাটনের সামনে দোতলা বাসে আগুন দিয়ে কীভাবে মানুষ পুড়িয়েছিল। আওয়ামী লীগ আবারও আগুন-সন্ত্রাস শুরু করেছে। তারা এ দেশের মানুষকে শান্তিতে থাকতে দিতে চায় না।
তিনি আরও বলেন, দেশের মানুষকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করতে হবে। বিএনপি সরকার মানুষের ভাগ্যের উন্নয়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করছে।
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অধ্যাপক আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু এবং গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাসপাতালটির স্বপ্নদ্রষ্টা, আমেরিকাপ্রবাসী এবং রাজিয়া মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান ডা. মুহাম্মদ ওয়াহেদুর রহমান। তিনি দাউদপুরের মতো প্রত্যন্ত গ্রামাঞ্চলে সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাশিরউদ্দিন বাচ্চু, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নুরুন্নবী ভূইয়া, আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, অ্যাডভোকেট গোলজার হোসেন, আব্দুল মতিন, মাসুম বিল্লাহসহ আরও অনেকে।