শুক্রবার, 27 নভেম্বর 2026
সকল বিভাগ

'অণুর দর্পণ’ রহস্যের সমাধানে রসায়নে নোবেল দুই বিজ্ঞানীর

জীবদেহের অণুগুলো কেন নির্দিষ্ট একটি ‘দর্পণ প্রতিবিম্ব’ বা মিরর ইমেজ বেছে নেয়—শতাব্দীপ্রাচীন এই রহস্যের সমাধানে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০২৬ সালের রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন ফরাসি বিজ্ঞানী অঁরি বি. কাগাঁ ও জাপানি গবেষক কেনসো সোয়াই।

'অণুর দর্পণ’ রহস্যের সমাধানে রসায়নে নোবেল দুই বিজ্ঞানীর
ছবি: সংগৃহীত

জীবদেহের অণুগুলো কেন নির্দিষ্ট একটি ‘দর্পণ প্রতিবিম্ব’ বা মিরর ইমেজ বেছে নেয়—শতাব্দীপ্রাচীন এই রহস্যের সমাধানে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০২৬ সালের রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন ফরাসি বিজ্ঞানী অঁরি বি. কাগাঁ ও জাপানি গবেষক কেনসো সোয়াই।

বুধবার রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস এ বছরের রসায়নে নোবেল বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করে। ‘অ্যাসিমেট্রিক অর্গানিক সিনথেসিসে নন-লিনিয়ার ইফেক্ট এবং অটোক্যাটালাইসিস’ আবিষ্কারের জন্য তাদের এ পুরস্কার দেওয়া হচ্ছে বলে জানিয়েছে নোবেল কমিটি।

ফ্রান্সে জন্ম নেওয়া অঁরি বি. কাগাঁ প্যারিস দক্ষিণ ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেন। অন্যদিকে জাপানি গবেষক কেনসো সোয়াই টোকিও ইউনিভার্সিটি অব সায়েন্সে কাজ করেন। নোবেল পুরস্কারের অর্থমূল্য এক কোটি ২০ লাখ সুইডিশ ক্রাউন, যা তারা দুজন ভাগ করে নেবেন।

নোবেল কমিটির রসায়ন পুরস্কার কমিটির চেয়ারম্যান হাইনার লিংকে বলেন, এবারের পুরস্কার ‘ভিত্তিমূলক রসায়ন’ নিয়ে।

অ্যামিনো অ্যাসিডের মতো কিছু অণুর দুটি রূপ রয়েছে, যেগুলো একে অপরের আয়নার প্রতিবিম্বের মতো। দেখতে মানুষের ডান ও বাম হাতের মতো হলেও একটি রূপকে আরেকটির ওপর হুবহু বসানো যায় না। এ ধরনের অণুকে ‘হোমোচিরাল’ বলা হয়। শব্দটির উৎস গ্রিক ভাষার ‘একই’ ও ‘হাত’ শব্দ থেকে।

জীবদেহে এসব অণুর সাধারণত একটি রূপই দেখা যায়। কোষের প্রোটিনে থাকা অ্যামিনো অ্যাসিড এর একটি উদাহরণ। প্রকৃতিতে এর বিপরীত প্রতিবিম্ব খুব কমই পাওয়া যায়। কীভাবে জীবদেহে এই একমুখী রাসায়নিক বৈশিষ্ট্য তৈরি হলো, তা এক শতাব্দীরও বেশি সময় ধরে রসায়নবিদদের কাছে একটি বড় প্রশ্ন ছিল।

ল্যাবরেটরিতে এ ধরনের অণু তৈরির চেষ্টা করলে সাধারণত দুটি রূপই সমান অনুপাতে তৈরি হয়। তবে ওষুধ তৈরির মতো সংবেদনশীল ক্ষেত্রে বিজ্ঞানীরা একটি নির্দিষ্ট রূপই তৈরি করতে চান। কারণ মানবদেহে কাঙ্ক্ষিত প্রভাব তৈরিতে অণুটির নির্দিষ্ট একটি প্রতিবিম্বই কার্যকর হতে পারে।

১৯৮৬ সালে অঁরি কাগাঁ রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণের একটি নতুন পদ্ধতি আবিষ্কার করেন। এর মাধ্যমে আগের তুলনায় অনেক বেশি পরিমাণে একটি নির্দিষ্ট রূপের অণু তৈরি করা সম্ভব হয়।

তার এ উদ্ভাবন ওষুধ, সুগন্ধি, স্বাদ তৈরির উপাদান এবং নতুন উপকরণ তৈরির ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়া উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এরপর এ গবেষণাকে আরও এগিয়ে নেন জাপানি বিজ্ঞানী কেনসো সোয়াই। ১৯৯৫ সালে প্রকাশিত এক গবেষণাপত্রে তিনি প্রথমবার এমন একটি রাসায়নিক বিক্রিয়ার নকশা তুলে ধরেন, যার হোমোচিরাল হওয়ার সম্ভাবনা ছিল।

২০০৩ সালে তিনি সফলভাবে এমন একটি বিক্রিয়া উপস্থাপন করেন, যেখানে সম্ভাব্য দুটি প্রতিবিম্বের মধ্যে মাত্র একটিই তৈরি হয়েছিল।

নোবেল কমিটির ভাষ্য, জীবনের স্বাভাবিক প্রক্রিয়া ছাড়া এর আগে এমন অসাধ্য কেউ সাধন করতে পারেননি। সোয়াইয়ের নামে পরিচিত এ বিক্রিয়াকে রসায়নের অন্যতম চমকপ্রদ পরীক্ষামূলক সাফল্য হিসেবে বিবেচনা করা হয়।

গত বছর রসায়নে নোবেল পেয়েছিলেন সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন ও ওমর ইয়াগি। ধাতু ও জৈব অণু দিয়ে তৈরি কাঠামো, অর্থাৎ মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক তৈরির জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়। এসব আণবিক কাঠামো জলবায়ু পরিবর্তন ও সুপেয় পানির সংকটের মতো সমস্যা মোকাবিলায় কাজে লাগতে পারে।

প্রতিবছরের মতো চিকিৎসাবিজ্ঞানের পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে সোমবার এ বছরের নোবেল মৌসুম শুরু হয়। মঙ্গলবার পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়। বুধবার ঘোষণা করা হলো রসায়নের নোবেল।

বৃহস্পতিবার সাহিত্যে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এরপর শুক্রবার শান্তিতে এবং আগামী ১২ অক্টোবর অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন সুইডেনের রাজা কার্ল ষোড়শ গুস্তাফ। দিনটি আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী। পুরস্কার বিতরণের পর স্টকহোম সিটি হলে নৈশভোজের আয়োজন করা হবে।