যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরে বাংলাদেশের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্মানে একটি সড়কের নামকরণ ও নামফলক উন্মোচন করা হয়েছে। স্থানীয় সময় রোববার দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে সড়কটির নামফলক উন্মোচন করেন শিকাগো সিটি কাউন্সিলের অ্যালডারম্যান গিলবার্ট ভিলেগাস।
বাংলাদেশের প্রখ্যাত স্থপতি এফ আর খানের নকশায় নির্মিত ঐতিহাসিক উইলিস টাওয়ার বা সাবেক সিয়ার্স টাওয়ার সংলগ্ন আপার ওয়াকার ড্রাইভের একটি অংশের নতুন নাম রাখা হয়েছে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে। গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়ার অবদানকে চিরস্মরণীয় করে রাখার লক্ষ্যে গত ২৩ সেপ্টেম্বর অ্যালডারম্যান গিলবার্ট ভিলেগাস সড়কটির এই নামকরণের প্রস্তাব পেশ করেছিলেন এবং তার সেই উদ্যোগের পরিপ্রেক্ষিতেই আনুষ্ঠানিকভাবে এই নামকরণ কার্যকর হলো।
নামফলক উন্মোচন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম বক্তব্য রাখতে গিয়ে বলেন, নিজের জীবন ও দীর্ঘ সংগ্রামের মাধ্যমে বেগম খালেদা জিয়া প্রমাণ করেছেন যে রাষ্ট্রীয় ক্ষমতা অস্থায়ী হলেও মানুষের আদর্শ, সততা, দেশপ্রেম এবং আত্মত্যাগের মর্যাদা চিরকাল অম্লান থাকে। আর এই কারণেই দেশের কোটি মানুষের অন্তরে তিনি দেশনেত্রী ও মাদার অব ডেমোক্রেসি হিসেবে স্থায়ী আসন করে নিয়েছেন।
অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ মন্তব্য করেন, শিকাগোর মতো আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ একটি শহরে খালেদা জিয়ার নামে সড়ক উৎসর্গ করা কেবল একজন বরেণ্য নেত্রীর প্রতি শ্রদ্ধা প্রদর্শন নয়, বরং এটি বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রাম, ত্যাগের ইতিহাস এবং প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের জন্য এক অনন্য ও ঐতিহাসিক গর্বের বিষয়। তিনি আরও উল্লেখ করেন, স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলন থেকে শুরু করে এক-এগারোর রাজনৈতিক অস্থিরতা এবং দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে বেগম জিয়া আপসহীন নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তিনি নিজের সব ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্য ত্যাগ করেছেন এবং কারাবরণ করেও কখনো অন্যায় কিংবা স্বৈরশাসনের কাছে মাথা নত করেননি।
ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা তার বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও গণতন্ত্রের প্রতি তার অবিচল সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মের কাছে চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।