কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাম্প্রতিক সহিংস তৎপরতায় দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তৈরি হওয়া উদ্বেগের প্রেক্ষাপটে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি সূত্রগুলোর মতে, জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে একটি অভিন্ন জাতীয় ঐক্য গড়ে তোলার উদ্দেশ্যেই সরকারপ্রধান এই সংলাপের উদ্যোগ নিয়েছেন।
ক্ষমতাসীন দল বিএনপিসহ দেশের অন্যান্য রাজনৈতিক শক্তিগুলোও প্রধানমন্ত্রীর এই পদক্ষেপকে ইতিবাচকভাবে দেখছে। বিএনপির নেতারা এই আলোচনাকে ঐক্য সংলাপ হিসেবে আখ্যা দিয়ে বলছেন, ফ্যাসিবাদী অপশক্তিকে প্রতিহত করতে সব পক্ষকে এক কাতারে আনতেই এই আয়োজন, যেখানে সব দলেরই সরকারকে সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া উচিত। অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিরোধী দলগুলো এই বৈঠকে গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার বিষয়ে সরকারের কাছ থেকে সুস্পষ্ট অঙ্গীকার প্রত্যাশা করছে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, আজ সোমবার দুপুর ১টায় সচিবালয়ে এনসিপির সঙ্গে বৈঠকের মাধ্যমে এই ধারাবাহিক সংলাপের সূচনা হবে। পরবর্তীতে বিরোধী দল জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও প্রধানমন্ত্রী আলোচনায় বসবেন, যদিও সেসব বৈঠকের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।
এনসিপি নেতাদের ধারণা, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের ঘোষণাকে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগের চলমান নৈরাজ্যকর কর্মকাণ্ড নিয়ে সরকার চিন্তিত বলেই জুলাই অভ্যুত্থানের পক্ষের দলগুলোর সঙ্গে সংলাপের আগ্রহ দেখিয়েছে। ফলে আজকের এই বৈঠককে তারা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনায় তারা সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় ও জুলাই সনদ কার্যকর করা, জুলাই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করা, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর এবং গঙ্গা পানি বণ্টন চুক্তিতে বাংলাদেশের ন্যায্য অধিকার আদায়ের মতো গুরুত্বপূর্ণ দাবিগুলো জোরালোভাবে উপস্থাপন করবেন।
তবে ক্ষমতাসীন বিএনপির কর্মকাণ্ড নিয়ে এনসিপির বেশ কিছু ক্ষোভও রয়েছে। বিশেষ করে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংস্কার পরিষদের কার্যক্রম শুরু না করাকে তারা জুলাই বিপ্লবের চেতনার সঙ্গে প্রতারণা হিসেবে বিবেচনা করছে। যুক্তরাজ্য সফর শেষ করে গতকাল রোববার দেশে ফিরে বিমানবন্দরে গণমাধ্যমকর্মীদের কাছে একই অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি মন্তব্য করেন, কার্যকর জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে চাইলে বিএনপিকে প্রথমে অতীতে গৃহীত ভুল পদক্ষেপগুলো সংশোধন করতে হবে।
বিরোধীদলীয় এই চিফ হুইপ আরও বলেন, গণভোটের ফলাফল অনুসারে জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়ায় গতি আনা, গঙ্গা চুক্তি নবায়ন এবং শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের বিষয়ে সরকারকে সুনির্দিষ্ট অঙ্গীকার করতে হবে। পাশাপাশি একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের দাবি জানান তিনি। আজকের বৈঠকে এসব প্রস্তাব ও পরামর্শ তুলে ধরে বর্তমান সংকট নিরসনে সরকারের করণীয় সম্পর্কে এনসিপি নিজেদের মতামত দেবে এবং প্রধানমন্ত্রীর বক্তব্যও শুনবে বলে জানান নাহিদ ইসলাম।
দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে আজকের সংলাপে আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেবে। প্রতিনিধিদলের অপর দুই সদস্য হলেন দলের সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
উল্লেখ্য, এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের সদ্যসমাপ্ত চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগের অপতৎপরতা রুখে দিতে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন। তার সেই বক্তব্যের কয়েক দিনের মাথায় প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের এই ঘোষণা এলো। এদিকে জামায়াতে ইসলামীর একাধিক শীর্ষ নেতা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই সংলাপের বিষয়ে তাদের দলেরও আগ্রহ রয়েছে এবং আনুষ্ঠানিক আমন্ত্রণ পেলে তারা বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবেন।