নাচ, বক্সিং আর দৌড়ে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে চীনের হিউম্যানয়েড রোবট। এবার এসব রোবটকে যুদ্ধক্ষেত্রে ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে দেশটি। যুদ্ধক্ষেত্রের পরিস্থিতিতে রোবটের সক্ষমতা যাচাই, প্রয়োজনীয় প্রযুক্তি ও প্রশিক্ষণ ব্যবস্থা তৈরি এবং সেনাদের সঙ্গে তাদের সমন্বয়ের উপায় নিয়ে গবেষণা জোরদার করেছে চীনের সামরিক বাহিনী।
বার্তা সংস্থা রয়টার্স চীনের সামরিক বাহিনীর ১০০টির বেশি ক্রয়-সংক্রান্ত নোটিশ, একাডেমিক গবেষণা, পেটেন্ট, সরকারি প্রকাশনা, সরকারি নথি ও প্রতিরক্ষা কোম্পানির উপকরণ বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে। এসব নথি অনুযায়ী, ২০২৫ ও ২০২৬ সালে হিউম্যানয়েড রোবটের সামরিক ব্যবহার নিয়ে চীনের গবেষণা উল্লেখযোগ্যভাবে গতি পেয়েছে।
গত মাসে চীনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমসে রোবটগুলো লাফিয়েছে, বক্সিং করেছে এবং নেচেছে। কিছু দ্রুতগতির রোবট ১০০ মিটার দৌড়ে উসাইন বোল্টের চেয়েও দ্রুত ছুটেছে। রোবটগুলোর ক্রমবর্ধমান সক্ষমতা যেমন দর্শকদের মুগ্ধ করেছে, তেমনি তাদের নানা হোঁচটও হাস্যরসের খোরাক জুগিয়েছে।
গেমস শেষ হওয়ার দুই দিন পর এই আয়োজন থেকে নিজেদের মতো করে শিক্ষা নেওয়ার কথা জানায় চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সরকারি সংবাদপত্র পিএলএ ডেইলি। গবেষকদের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেছে, অত্যাধুনিক প্রযুক্তি গবেষণাগার থেকে দ্রুত সামরিক প্রশিক্ষণক্ষেত্রে নিয়ে যেতে হবে, যাতে রোবটকে ‘যোদ্ধা’ হিসেবে ব্যবহার করা যায়।
প্রকাশ্যে না আসা এসব নথি অনুযায়ী, চীনের সামরিক প্রতিষ্ঠানগুলো যুদ্ধক্ষেত্রের প্রয়োজনীয়তার সঙ্গে হিউম্যানয়েড রোবটের সক্ষমতা মিলিয়ে দেখছে। পাশাপাশি রোবট ও সেগুলো প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি সংগ্রহ এবং সেনাদের সঙ্গে এসব রোবট কীভাবে কাজ করতে পারে, তা নিয়েও গবেষণা চলছে। রোবটের পরিবেশ শনাক্ত করার সক্ষমতা, বিভিন্ন বস্তু নাড়াচাড়া ও নিয়ন্ত্রণ এবং প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিওএফএ গ্লোবাল রিসার্চের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বে সরবরাহ করা হিউম্যানয়েড রোবটের প্রায় ৯৫ শতাংশই তৈরি করেছে চীনা নির্মাতারা। বাণিজ্যিক ক্ষেত্রে এই আধিপত্য পিএলএকে দ্রুত সম্প্রসারিত হওয়া একটি শিল্পখাতের প্রযুক্তি ব্যবহারের সুযোগ দিচ্ছে। একই সঙ্গে সামরিক প্রয়োগের জন্য নিজেদের সক্ষমতাও তৈরি করছে চীন।
চীনের রোবট-ভিত্তিক প্রতিরক্ষা গবেষণা দেখিয়ে দিচ্ছে, বিশ্বজুড়ে সামরিক প্রযুক্তি কত দ্রুত পরিবর্তিত হচ্ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নিজে থেকে পথ ও লক্ষ্য শনাক্ত করতে সক্ষম আধা-স্বয়ংক্রিয় ড্রোন নজরদারি ও হামলার ধরন বদলে দিয়েছে। একই যুদ্ধে রোবট ব্যবহার করা হচ্ছে রসদ পৌঁছে দেওয়া এবং আহতদের উদ্ধারের কাজেও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী সংঘাত থেকে চীনের সামরিক বাহিনী কীভাবে শিক্ষা নেওয়ার চেষ্টা করছে, তা এর আগে রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে।
এই পরিবর্তন বিশ্বজুড়ে স্বয়ংক্রিয় ব্যবস্থার সামরিক ব্যবহার নিয়ে আগ্রহ বাড়াচ্ছে। ইউসিএলএর যান্ত্রিক ও মহাকাশ প্রকৌশলের অধ্যাপক ডেনিস হং বলেন, “যেখানে আমরা মানুষকে পাঠাতে চাই না, সেখানে যাওয়াই প্রথম থেকেই রোবট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। একটি রোবট হারানোর অর্থ যদি একজন মানুষের প্রাণহানি এড়ানো হয়, তাহলে রোবটকে সহজেই বিসর্জন দেওয়া যেতে পারে।”
হিউম্যানয়েড রোবটের সামরিক ব্যবহার নিয়ে মন্তব্য চেয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং পিএলএর প্রধান গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজি (এনইউডিটি)-এর সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তারা কোনো জবাব দেয়নি।
তবে চীন কোনো সশস্ত্র হিউম্যানয়েড রোবটকে পিএলএর কোনো সক্রিয় ইউনিটে মোতায়েন করেছে—এমন কোনো প্রমাণ পায়নি রয়টার্স। নিয়ন্ত্রিত প্রদর্শনীর বাইরে এসব রোবট এখনো বিপুল শক্তি ব্যবহার করে এবং অনেক ক্ষেত্রে নির্ভরযোগ্য নয়। কার্নেগি মেলন ইউনিভার্সিটির যান্ত্রিক প্রকৌশলের অধ্যাপক অ্যারন জনসন বলেন, যুদ্ধক্ষেত্রে নানা ধরনের অনিশ্চিত পরিস্থিতি থাকে, যা রোবটের সক্ষমতার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করে।
নগরযুদ্ধের জন্য হামলাকারী বাহিনী
রয়টার্সের পর্যালোচনায় বলা হয়, নগরযুদ্ধে হিউম্যানয়েড রোবট ব্যবহারের একটি পরিকল্পনাও ইতোমধ্যে তৈরি করেছে চীন।
এই পরিকল্পনায় ছয়টি ‘যুদ্ধ রোবট’—হিউম্যানয়েড, রোবট কুকুর অথবা চালকবিহীন যান—দুটি হামলাকারী দলে ভাগ করে দেওয়ার কথা বলা হয়েছে। স্থলসেনাদের সঙ্গে কাজ করে এসব রোবট শত্রুর দখলে থাকা একটি ভবন তলা থেকে তলা এবং কক্ষ থেকে কক্ষে তল্লাশি চালিয়ে দখলে নেওয়ার কাজে অংশ নেবে।
২০২৫ সালের আগস্টে এনইউডিটির শিয়ানে অবস্থিত একটি পরীক্ষাকেন্দ্রের গবেষকেরা প্রকাশিত এক গবেষণাপত্রে এই পরিস্থিতির কথা তুলে ধরেন। গবেষণায় এমন একটি নগর হামলাকারী বাহিনীর মডেল তৈরি করা হয়, যেখানে লেখকদের ধারণা অনুযায়ী পাঁচ থেকে ১০ বছরের মধ্যে পাওয়া যেতে পারে—এমন সরঞ্জাম ব্যবহারের কথা ধরা হয়েছিল। তবে রোবটগুলো কখন ও কী পরিস্থিতিতে গুলি চালাতে পারবে, কী অস্ত্র বহন করবে অথবা বেসামরিক মানুষের মুখোমুখি হলে কীভাবে পরিস্থিতি সামলাবে—এসব বিষয়ে গবেষণায় কিছু বলা হয়নি।
তাইওয়ানের ইনস্টিটিউট ফর ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি রিসার্চের গবেষক জুয়ো-মিন চৌ বলেন, ভারসাম্য, পরিবেশ শনাক্ত করার ক্ষমতা এবং দীর্ঘ সময় কাজ করার সক্ষমতার উন্নতি হলে ভবন, সুড়ঙ্গ ও জাহাজের ভেতরের মতো জায়গায় হিউম্যানয়েড রোবট কার্যকর হতে পারে।
তিনি বলেন, “তাদের দুই হাত ও দুই পা তাত্ত্বিকভাবে চলাফেরা, আরোহণ এবং বিভিন্ন বস্তু নিয়ন্ত্রণ—এই তিন ধরনের সক্ষমতা একসঙ্গে কাজে লাগাতে পারে।”
তবে সাধারণ নজরদারি বা রসদ পরিবহনের মতো তুলনামূলক সহজ কাজে চার পা-ওয়ালা, ট্র্যাকযুক্ত বা চাকার রোবট সাধারণত কম খরচে এবং বড় পরিসরে মোতায়েন করা সহজ হবে বলে জানান চৌ।
চীনের সামরিক বিশ্লেষণেও হিউম্যানয়েড রোবটের সম্ভাব্য ব্যবহারের পরিধি বাড়ানোর কথা বলা হয়েছে। ২০২৫ সালের জুলাইয়ে পিএলএ ডেইলিতে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, ভবিষ্যতে হিউম্যানয়েড রোবটের কাজ “যুদ্ধে সহায়তা থেকে সরাসরি যুদ্ধে” রূপ নিতে পারে। এতে এমন সম্ভাবনাও আলোচনা করা হয় যে, কোনো জীবিত লক্ষ্যকে মানুষ যাচাই করে শনাক্ত করার পর রোবটকে তার ওপর গুলি চালানোর অনুমতি দেওয়া হতে পারে।
ডিসেম্বরে পিএলএর ইস্টার্ন থিয়েটার কমান্ড কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একটি ভিডিও প্রকাশ করে। এতে একটি সম্ভাব্য ভবিষ্যৎ সংঘাতের পরিস্থিতিতে হিউম্যানয়েড ও চার পা-ওয়ালা রোবটসহ বিভিন্ন সামরিক রোবটকে তাইওয়ানের প্রতিরক্ষা ব্যবস্থা পরাস্ত করতে দেখা যায়।
তবে যুদ্ধক্ষেত্রে হিউম্যানয়েড রোবট ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখছে শুধু চীন নয়। গত বছর মার্কিন সেনাবাহিনী ‘সামরিকীকৃত হিউম্যানয়েড সক্ষমতা’ তৈরির জন্য একটি প্রতিযোগিতা শুরু করে। লক্ষ্য ছিল এমন রোবট তৈরি করা, যা ভবিষ্যতে সেনাদের সঙ্গে কাজ করতে পারবে। মার্কিন সেনাবাহিনী জানিয়েছিল, এসব রোবটের সম্ভাব্য কাজের মধ্যে থাকতে পারে নজরদারি, নিরাপত্তা, বাধা অপসারণ, বিপজ্জনক পদার্থ নিয়ে কাজ এবং নগর এলাকায় আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক অভিযান।
চলতি বছর মার্কিন সামরিক বিশেষজ্ঞদের সামনে সর্বোচ্চ ১০টি চূড়ান্ত প্রতিযোগী তাদের প্রযুক্তি পরীক্ষা করার কথা ছিল। পরবর্তী চুক্তির জন্য সর্বোচ্চ ১২ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত অর্থ বরাদ্দের সুযোগ রাখা হয়েছিল।
তবে দুই পা ও চার পা-ওয়ালা রোবট তৈরিতে যুক্তরাষ্ট্রের রোবট শিল্প চীনের তুলনায় অনেক পিছিয়ে। গত মাসে রয়টার্স জানিয়েছিল, বিশ্বের অন্যতম শীর্ষ হিউম্যানয়েড ও চার পা-ওয়ালা রোবট নির্মাতা চীনের ইউনিট্রির সবচেয়ে বেশি বিক্রি হওয়া রোবট কুকুরের নকশায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অর্থায়নে তৈরি কিছু উদ্ভাবন ব্যবহার করা হয়েছিল।
এই প্রতিবেদনের বিষয়ে মন্তব্য জানতে পেন্টাগন ও মার্কিন সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেও সাড়া পায়নি রয়টার্স।
শত্রুর প্রতিরক্ষা ভেদ করে ঢোকার পরিকল্পনা
২০২৪ সালে হিউম্যানয়েড রোবটের সামরিক ব্যবহারে চীনের আগ্রহ বাড়তে শুরু করে। ওই বছর এনইউডিটি ও চীনের অ্যাকাডেমি অব মিলিটারি সায়েন্সেস একটি প্রতিরক্ষা প্রযুক্তি বিষয়ক ফোরামের আয়োজন করে। এনইউডিটির ওয়েবসাইট অনুযায়ী, সেখানে হিউম্যানয়েড ব্যবস্থার সামরিক ব্যবহার নিয়ে একটি অধিবেশন ছিল। এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি কোনো প্রতিষ্ঠানই।
এর এক বছর পর এনইউডিটি স্পষ্টভাবে হিউম্যানয়েড রোবটকে যুদ্ধক্ষেত্রে ব্যবহারের উপযোগী সরঞ্জাম হিসেবে তুলে ধরে। ২০২৫ সালের জুনে বিশ্ববিদ্যালয়টির একটি প্রতিযোগিতায় ‘শত্রুর প্রতিরক্ষা লাইনের পেছনে অনুপ্রবেশ’ নামে একটি পর্ব রাখা হয়। এনইউডিটির ওয়েবসাইট অনুযায়ী, এতে রোবটকে একটি এলাকায় প্রবেশ করে সেটির মানচিত্র তৈরি এবং লক্ষ্য শনাক্ত করতে হতো। আরেকটি পরিস্থিতিতে সামরিক ঘাঁটিতে পরিচয় যাচাই, শৃঙ্খলা পরিদর্শন এবং নিরাপত্তা টহলের কাজ করার কথা বলা হয়।
সামরিক গবেষণাভিত্তিক এই বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতাটিকে আংশিকভাবে হিউম্যানয়েড রোবটকে শেষ পর্যন্ত “যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়ার” আগে তাদের সক্ষমতা যাচাইয়ের ক্ষেত্র হিসেবে বর্ণনা করেছিল।
ওই সময়ের সামরিক সরঞ্জাম কেনার নথিতেও এই চূড়ান্ত লক্ষ্যটির প্রতিফলন দেখা যায়।
২০২৫ সালের মে মাসে পিএলএ একটি হিউম্যানয়েড রোবট কেনার জন্য দরপত্র আহ্বান করে। এতে রোবট স্থাপন এবং প্রযুক্তিগত প্রশিক্ষণের ব্যবস্থাও অন্তর্ভুক্ত ছিল। চার মাস পর এনইউডিটির একটি ই-মেইল ঠিকানা যোগাযোগের ঠিকানা হিসেবে উল্লেখ করে প্রকাশিত আরেকটি ক্রয়সংক্রান্ত নোটিশে ‘হিউম্যানয়েড রোবটের বুদ্ধিমান পরিবেশ-অনুধাবন ও সূক্ষ্মভাবে কাজ করার ব্যবস্থা’ চাওয়া হয়।
এসব নথিতে বিস্তারিত তথ্য খুব কম ছিল। দরপত্রগুলোতে কোনো প্রতিষ্ঠান সাড়া দিয়েছিল কি না, দিলে কোন কোম্পানি কাজ পেয়েছে এবং কোন মডেলের রোবট সরবরাহ করা হয়েছে—এসব নিশ্চিত করতে পারেনি রয়টার্স।
চলতি বছরের জুনে পিএলএ হিউম্যানয়েড রোবটের জন্য ক্যামেরা, রাডার ও চলাচলসংক্রান্ত তথ্য সংগ্রহ এবং সেগুলো চিহ্নিত করার একটি ব্যবস্থার জন্য প্রায় ৩ লাখ ডলার বরাদ্দ করে। আরেকটি সামরিক ক্রয়সংক্রান্ত নথিতে এ তথ্য পাওয়া গেছে। এর মধ্যে রোবট কোন ধরনের ভূখণ্ডে চলাচল করতে পারবে, সেই তথ্যও ছিল।
নথিগুলোর বিস্তারিত বিবরণ থেকে বোঝা যায়, চীনের সামরিক বাহিনীর আগ্রহ এখন শুধু রোবটের কাঠামো তৈরির মধ্যে সীমাবদ্ধ নেই। হিউম্যানয়েড রোবটকে নিয়ন্ত্রিত প্রদর্শনীর বাইরে কার্যকর করে তুলতে পরিবেশ শনাক্ত করা, বিভিন্ন বস্তু নিয়ন্ত্রণ এবং প্রশিক্ষণের ব্যবস্থার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
দূর থেকে নিয়ন্ত্রণ
২০২৬ সালে হিউম্যানয়েড রোবটের উন্নয়ন সামরিক একাডেমির গণ্ডি পেরিয়ে চীনের প্রতিরক্ষা শিল্পেও ছড়িয়ে পড়ে।
এর একটি উদাহরণ রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা কোম্পানি নরিনকোর তৈরি ফুক্সি রোবট। আগস্টে প্রকাশিত কোম্পানির উপকরণে পূর্ণ আকারের এই হিউম্যানয়েডকে পাহারার দায়িত্ব, সব আবহাওয়ায় নজরদারি, বুদ্ধিমান টহল এবং বিপজ্জনক কাজ করার সক্ষমতাসম্পন্ন হিসেবে বর্ণনা করা হয়।
কোম্পানির তথ্য অনুযায়ী, ফুক্সিকে নরিনকোর টেলিঅপারেশন ব্যবস্থার সঙ্গে যুক্ত করা যায়। এর মাধ্যমে একজন মানুষ দূর থেকে হিউম্যানয়েড রোবটটি নিয়ন্ত্রণ করতে পারেন। এতে রোবটকে সব সিদ্ধান্ত নিজে থেকে নেওয়ার প্রয়োজন হয় না। রোবট বিশেষজ্ঞদের মতে, হিউম্যানয়েড রোবটের ক্ষেত্রে এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি মোকাবিলা করতে পারে।
এ বিষয়ে মন্তব্য জানতে নরিনকোর সঙ্গে যোগাযোগ করেও সাড়া পায়নি রয়টার্স।
অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বিশ্লেষক ম্যালকম ডেভিস বলেন, বর্তমান সময়ে তিনি হিউম্যানয়েড রোবটকে যুদ্ধক্ষেত্রে ব্যবহারযোগ্য বাস্তব ব্যবস্থা হিসেবে দেখছেন না। তবে তার ভাষায়, “কিন্তু পাঁচ থেকে ১০ বছরের মধ্যে এগুলো খুব ভালোভাবেই বাস্তবতায় পরিণত হতে পারে।”
বর্তমানে দূর থেকে নিয়ন্ত্রিত হলেও ভবিষ্যতে স্বয়ংক্রিয়ভাবে মোতায়েনের জন্য তৈরি করা হিউম্যানয়েড ব্যবস্থাকে শেষ পর্যন্ত নৈতিক নানা জটিলতার মুখোমুখি হতে হবে। যুদ্ধের আইন অনুযায়ী, সামরিক বাহিনীকে যোদ্ধা ও বেসামরিক মানুষের মধ্যে পার্থক্য করতে হয় এবং আহত বা আত্মসমর্পণকারী যোদ্ধাদের ওপর হামলা থেকে বিরত থাকতে হয়।
আন্তর্জাতিক রেডক্রস কমিটি সতর্ক করেছে, স্বয়ংক্রিয় অস্ত্র আত্মসমর্পণের লক্ষণ নির্ভরযোগ্যভাবে বুঝতে সমস্যায় পড়তে পারে। কারণ কোনো ব্যক্তি আত্মসমর্পণ করছেন কি না, তা অনেক সময় পরিস্থিতি, আচরণ ও উদ্দেশ্যের ওপর নির্ভর করে।
মার্কিন সামরিক বাহিনীর নিয়ম অনুযায়ী, স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহারের আগে আইনি পর্যালোচনা ও বাস্তবসম্মত পরীক্ষা করতে হয়। একই সঙ্গে বলপ্রয়োগের বিষয়ে কমান্ডার ও অপারেটরদের যথাযথ বিচার-বিবেচনা প্রয়োগ করতে হয়। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও মার্চে জানিয়েছিল, কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত অস্ত্রের ওপর মানুষের নিয়ন্ত্রণ থাকা উচিত।
তবে এসব উদ্বেগ চীনকে হিউম্যানয়েড রোবটের সামরিক ব্যবহার নিয়ে গবেষণা থেকে বিরত রাখতে পারেনি।
চীনের অ্যাকাডেমি অব মিলিটারি সায়েন্সেসের গবেষক ওয়াং ইয়ংহুয়া গত নভেম্বরে এক মন্তব্যে লিখেছিলেন, চলাফেরা, পরিবেশ শনাক্ত করা ও বুদ্ধিমত্তার ক্ষেত্রে হিউম্যানয়েড রোবটের বেশ কিছু সমস্যা এখনো সমাধান হয়নি। এগুলোকে ব্যাপকভাবে সামরিক কাজে ব্যবহারের উপযোগী করতে হলে প্রযুক্তিগত বড় ধরনের অগ্রগতি, উৎপাদন ব্যয় কমানো এবং শিল্প পর্যায়ে ব্যাপক উৎপাদনের সক্ষমতা অর্জন করতে হবে।
ওয়াংয়ের মতে, এসব চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারলে ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে ব্যাপকভাবে হিউম্যানয়েড রোবট মোতায়েন করা সম্ভব হবে।