সোমবার, 23 নভেম্বর 2026
সকল বিভাগ

কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান পেল বাংলাদেশ

প্রাপ্ত অর্থায়নের মধ্যে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস বা সিআইএফ থেকে ৩ কোটি মার্কিন ডলার এবং গ্লোবাল শিল্ড থেকে ৩ কোটি ইউরো বরাদ্দ পাওয়া গেছে, যা বাংলাদেশি মুদ্রায় যথাক্রমে প্রায় ৩৭৪ কোটি ও ৪১০ কোটি টাকা।

কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান পেল বাংলাদেশ
তুরস্কের আনতালিয়া শহরে সদ্যসমাপ্ত কপ৩১ জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করে দুটি আন্তর্জাতিক সংস্থা থেকে প্রায় ৭৮৪ কোটি টাকার জলবায়ু অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ। নির্ধারিত শর্তপূরণ সাপেক্ষে গ্লোবাল শিল্ড তহবিল থেকে বাড়তি অর্থ মিললে এই সহায়তার অঙ্ক ১ হাজার ৫৮ কোটি টাকা পর্যন্ত উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্মেলন শেষে গতকাল দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব তথ্য তুলে ধরেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাপ্ত অর্থায়নের মধ্যে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস বা সিআইএফ থেকে ৩ কোটি মার্কিন ডলার এবং গ্লোবাল শিল্ড থেকে ৩ কোটি ইউরো বরাদ্দ পাওয়া গেছে, যা বাংলাদেশি মুদ্রায় যথাক্রমে প্রায় ৩৭৪ কোটি ও ৪১০ কোটি টাকা। প্রাথমিক ধাপের প্রকল্পগুলো সাফল্যের সঙ্গে শেষ করতে পারলে গ্লোবাল শিল্ডের পক্ষ থেকে আরও ২ কোটি ইউরো বা প্রায় ২৭৩ কোটি টাকা বাড়তি সহায়তা মিলবে। সব মিলিয়ে এই দুই উৎস থেকে প্রাপ্ত মোট তহবিলের পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ১ হাজার ৫৮ কোটি টাকায়।

ড. সাইমুম পারভেজ নিশ্চিত করেছেন যে, পুরো অর্থই অফেরতযোগ্য অনুদান হিসেবে পাওয়া যাচ্ছে, যা ভবিষ্যতে পরিশোধের কোনো দায় তৈরি করবে না। সিআইএফের অর্থ সরকারিভাবে নানা উন্নয়ন প্রকল্পে ব্যয় করা হবে এবং গ্লোবাল শিল্ডের তহবিল জলবায়ু বীমাসহ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় সরকারি ও বেসরকারি খাতের সক্ষমতা বৃদ্ধিতে কাজে লাগানো হবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ পুরো বাস্তবায়ন কার্যক্রম তদারক করবে।

বৈশ্বিক জলবায়ু তহবিলের অন্তত অর্ধেক অর্থ অভিযোজন খাতে বরাদ্দ রাখা এবং কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে সম্মেলনে জোরালো অবস্থান নিয়েছে ঢাকা। অনুদান কমে যাওয়ায় এবং ঋণনির্ভরতা বাড়ায় উন্নয়নশীল রাষ্ট্রগুলো যে সংকটে পড়ছে, তা তুলে ধরে গ্লোবাল সাউথের অন্যান্য দেশের সাথে কণ্ঠ মিলিয়ে অনুদানভিত্তিক অর্থায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি একান্তই ঋণের প্রয়োজন হলে তা যেন অত্যন্ত সহজ শর্তে দেওয়া হয়, সে বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেয়েছে।

এবারের সম্মেলনে বাংলাদেশের পাঁচ দফা দাবি উপস্থাপনকে উল্লেখযোগ্য অর্জন হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। প্রায় ৪৮ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে প্রধানমন্ত্রী দেশের মূল অবস্থান তুলে ধরার পাশাপাশি একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন, যার ধারাবাহিকতায় প্রতিনিধি দল পরবর্তী দরকষাকষি চালিয়ে যায়। এমনকি নির্ধারিত সময়ের পরেও সম্মেলন গড়ালে শেষ মুহূর্তের সমঝোতায় উন্নয়নশীল দেশগুলোর জোটের সঙ্গে সক্রিয় ভূমিকা রাখে বাংলাদেশ।

সম্মেলনের সাইডলাইনে ম্যানগ্রোভ অ্যালায়েন্সের মন্ত্রী পর্যায়ের সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা জানিয়ে ড. সাইমুম উল্লেখ করেন, আন্তর্জাতিক অংশীদারিত্ব ও অনুদানের মাধ্যমে উপকূলীয় ম্যানগ্রোভ বনাঞ্চল পুনরুদ্ধার ও সম্প্রসারণে সরকার কাজ করছে। এই বনাঞ্চল রক্ষায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার পাশাপাশি এর ওপর নির্ভরশীল মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রতিনিধি দলের বহর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বেসরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী, তরুণ জলবায়ু কর্মী ও সাংবাদিকদের সম্মেলনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হয়েছিল, যাদের একাংশ আন্তর্জাতিক সংস্থার অর্থায়নে গিয়েছেন। সম্মেলনস্থলে বাংলাদেশ প্যাভিলিয়নে চল্লিশটিরও বেশি পার্শ্ব-ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে আন্তর্জাতিক দরকষাকষিতে আরও কার্যকর ভূমিকা রাখতে প্রতিনিধি দলের সদস্যদের দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ নজর দেওয়া হবে বলেও তিনি জানান।

এছাড়া কার্বন ক্রেডিট বাণিজ্যের মাধ্যমে রাজস্ব আয়ের সম্ভাবনার কথা জানিয়ে ড. সাইমুম বলেন, গত সাত থেকে আট মাস ধরে এ সংক্রান্ত দাপ্তরিক প্রস্তুতি চলছে। সম্মেলন চলাকালে গোল্ড স্ট্যান্ডার্ড, গ্লোবাল কার্বন কাউন্সিল ও বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে এ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে এ খাতে দৃশ্যমান অগ্রগতি হবে এবং চুক্তি চূড়ান্ত হলে তা জনসমক্ষে প্রকাশ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।