রবিবার, 22 নভেম্বর 2026
সকল বিভাগ

বৃহত্তর জোট না হলে জরুরি সরকার গঠনের ইঙ্গিত আইজেনকোটের

ইসরাইলে বৃহত্তর জোট গঠনের প্রচেষ্টা ব্যর্থ হলে আরব দলগুলোর সমর্থনে ৬ ডিসেম্বরের আগেই সংখ্যালঘু জরুরি সরকার গঠনের আভাস দিয়েছেন ইয়াশার দলের প্রধান গাদি আইজেনকোট।

বৃহত্তর জোট না হলে জরুরি সরকার গঠনের ইঙ্গিত আইজেনকোটের
ইসরাইলে বৃহত্তর জোট সরকার গঠনের উদ্যোগ আলোর মুখ না দেখলে পার্লামেন্টে আরব দলগুলোর সমর্থনে সংখ্যালঘু জরুরি সরকার গঠনের আভাস দিয়েছেন ইয়াশার দলের নেতা গাদি আইজেনকোট।

শুক্রবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, আগামী ৬ ডিসেম্বরের আগেই নতুন সরকারকে পার্লামেন্ট নেসেটে আস্থা ভোটের জন্য উপস্থাপন করার লক্ষ্য রয়েছে তার।

অন্যদিকে, রাষ্ট্র এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে উল্লেখ করে ঐক্যবদ্ধ সরকার গঠনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
গত ২৭ অক্টোবরের নির্বাচনে ১২০টি আসনের নেসেটে আইজেনকোটের জোট ৪৮টি, নেতানিয়াহুর জোট ৫৩টি এবং আরব দলগুলো ১৯টি আসনে জয় পেয়েছে।

সংখ্যালঘু সরকার গঠনের পথে এগোলে আইজেনকোটকে নিজ জোটের ভেতরেই উল্লেখযোগ্য বাধার সম্মুখীন হতে হবে। জোটসঙ্গী ইসরাইল বেইতেইনুর প্রধান আভিগদর লিবারম্যান আরব সমর্থিত সরকারকে ভোট দেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও এখনই এমন সরকারে না গিয়ে আইজেনকোটের নেতৃত্বে ঐক্য সরকার গঠনের পক্ষে অবস্থান নিয়েছেন। আইজেনকোটের মতে, আইনপ্রণেতাদের নিজ নিজ বিবেকের তাড়নায় সিদ্ধান্ত নেওয়া উচিত যে তারা নতুন সরকার গঠন করবেন, নাকি দেশকে আরেকটি নির্বাচনের দিকে ঠেলে দেবেন।

আরব দলগুলোর সমর্থনে সরকার গঠনের তীব্র বিরোধিতা করে নেতানিয়াহু মন্তব্য করেছেন, এমন পদক্ষেপ ইসরাইলের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলবে। এর পাল্টা জবাবে আইজেনকোট অভিযোগ তোলেন যে, নেতানিয়াহু নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ইরানকে ঘিরে উত্তেজনা কাজে লাগাচ্ছেন এবং আরবদের বিরুদ্ধে বিদ্বেষ উসকে দিয়ে অস্থিরতা বাড়িয়ে তুলছেন। তবে হারেদি ও লিকুদ পার্টির সঙ্গে সংলাপ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই সরকার গঠনের দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
সূত্র: টাইমস অব ইসরাইল