রবিবার, 22 নভেম্বর 2026
সকল বিভাগ

জাপানে ভারী তুষারপাতে আটকা দেড় হাজার মানুষ, বিদ্যুৎহীন সাতশ পরিবার

জাপানের ফুকুশিমা প্রিফেকচারের উরাবান্দাই এলাকায় ভারী তুষারপাতে গাছ উপড়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকসহ প্রায় দেড় হাজার মানুষ আটকা পড়েছেন।

জাপানে ভারী তুষারপাতে আটকা দেড় হাজার মানুষ, বিদ্যুৎহীন সাতশ পরিবার

জাপানের ফুকুশিমা প্রিফেকচারে প্রবল তুষারপাতের কবলে পড়ে প্রায় দেড় হাজার মানুষ আটকে গেছেন। তুষারপাতের ধাক্কায় গাছপালা উপড়ে রাস্তার ওপর পড়ায় সড়ক যোগাযোগ অচল হয়ে পড়েছে। পাশাপাশি বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় সাতশ পরিবার অন্ধকারে নিমজ্জিত হয়েছে।


শনিবার (২১ নভেম্বর) স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে জাপানি বার্তা সংস্থা কিয়োদো নিউজ এই খবর প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, ফুকুশিমা প্রিফেকচারের কিতাশিওবারা গ্রামের উরাবান্দাই অঞ্চলে প্রায় দেড় হাজার মানুষ আটকা পড়েছেন। এদের মধ্যে প্রায় নয়শ জন সেখানকার স্থায়ী বাসিন্দা এবং বাকি পাঁচশ জন ওই এলাকার বিভিন্ন হোটেল ও আবাসিক প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন।

পাহাড়ি এলাকা হওয়ায় উরাবান্দাই ভ্রমণপিপাসুদের কাছে বেশ আকর্ষণীয় স্থান। কিন্তু প্রবল তুষারপাতের কারণে এলাকার দৈনন্দিন জীবনযাত্রায় স্থবিরতা নেমে এসেছে। রাস্তার ওপর উপড়ে পড়া গাছ যেমন যান চলাচল আটকে দিয়েছে, তেমনি বিদ্যুৎ ব্যবস্থার ক্ষতি করায় পরিস্থিতি স্বাভাবিক করতে এবং উদ্ধার তৎপরতা চালাতে বেগ পেতে হচ্ছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্ত সড়ক সচল করা এবং বিদ্যুৎ সংযোগ পুনরায় চালুর চেষ্টা অব্যাহত রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা আহতের তথ্য পাওয়া যায়নি।