রবিবার, 22 নভেম্বর 2026
সকল বিভাগ

নীরব অর্থনৈতিক যুদ্ধের মুখে ইরান: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, দেশটি বর্তমানে ক্ষেপণাস্ত্র যুদ্ধের চেয়েও কঠিন এক নীরব অর্থনৈতিক লড়াইয়ের মুখোমুখি হয়েছে, যা ব্যবসায়ীরা দক্ষতার সঙ্গে সামাল দিয়েছেন।

নীরব অর্থনৈতিক যুদ্ধের মুখে ইরান: পেজেশকিয়ান
ইরান এখন এমন এক নীরব অর্থনৈতিক লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছে, যা সরাসরি ক্ষেপণাস্ত্র যুদ্ধের চেয়েও অনেক বেশি চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে তার এই বক্তব্য উঠে এসেছে।

দেশটির বিনিয়োগকারী ও শিল্পোৎপাদকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানান, একটি দখলদার, অত্যাচারী ও জবরদস্তিকারী গোষ্ঠী ইরানকে বিপর্যস্ত করার অপচেষ্টা চালিয়েছিল। তবে দেশের ব্যবসায়ী সমাজ অত্যন্ত বিচক্ষণতা ও দক্ষতার সঙ্গে অভ্যন্তরীণ বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছেন বলে তিনি প্রশংসা করেন।

ওই আলোচনায় তিনি আরও আশ্বস্ত করেন যে, আসন্ন শীতকালে ইরানের নাগরিকদের যেন বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিংয়ের ভোগান্তিতে পড়তে না হয়, সে লক্ষ্যে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

সূত্র: আল-জাজিরা