শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা একটি মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা র-এর সাবেক প্রধান সামন্ত গোয়েলের বিরুদ্ধে সমন জারি করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। এই সমন সংশ্লিষ্টদের হাতে তুলে দিতে এবার ভারতের তিনটি জেলা আদালতের সহযোগিতা চেয়েছে মার্কিন বিচার বিভাগ। এর আগে ভারতের আইন মন্ত্রণালয় এবং ওয়াশিংটনস্থ ভারতীয় দূতাবাসের মারফত এই আইনি নোটিশ পাঠানোর উদ্যোগ সফল হয়নি। যদিও নয়াদিল্লি বরাবরই এসব অভিযোগ নাকচ করে আসছে।
২০২৪ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করা একটি দেওয়ানি মামলায় দোভাল ও গোয়েলকে বিবাদী করা হয়েছে। মামলাটির বাদী যুক্তরাষ্ট্রে বসবাসরত শিখ নেতা ও পেশায় আইনজীবী গুরপতবন্ত সিং পান্নুন। তার অভিযোগ অনুযায়ী, মার্কিন ভূখণ্ডে তাকে হত্যা করার চক্রান্তে ভারতের এই দুই শীর্ষ কর্মকর্তাসহ আরও কয়েকজন জড়িত ছিলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি ক্ষতিপূরণের আবেদনও করেছেন।
পান্নুন শিখস ফর জাস্টিস নামের একটি সংগঠনের নেতৃত্ব দেন, যা ভারতে নিষিদ্ধ ঘোষিত। ভারতীয় কর্তৃপক্ষ তাকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করেছে। অন্যদিকে, পান্নুন নিজেকে শিখদের জন্য আলাদা স্বাধীন রাষ্ট্র গঠনের আন্দোলনের পক্ষের ব্যক্তি হিসেবে পরিচয় দেন।
নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের জেলা আদালতের বিচারক ক্যাথরিন পোল্ক ফেইলা গত ১৩ নভেম্বর এক আদেশে ভারতের আদালতের মাধ্যমে সমন জারির অনুমোদন দেন। সেই নির্দেশনা অনুযায়ী, অজিত দোভালের উদ্দেশে সমন পাঠানো হবে পাতিয়ালা হাউজ জেলা আদালতের মাধ্যমে। আর সামন্ত গোয়েলের কাছে সমন পৌঁছানোর দায়িত্ব দেওয়া হয়েছে দ্বারকা ও তিস হাজারি জেলা আদালতকে।
মার্কিন আদালত ভারতের সংশ্লিষ্ট আদালতগুলোকে এই সমন ও অন্যান্য আইনি কাগজপত্র গ্রহণ করে অভিযুক্তদের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়েছে। পাশাপাশি নোটিশ জারির ক্ষেত্রে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে লিখিত প্রতিবেদনও তলব করা হয়েছে।
এই প্রক্রিয়ায় ১৯৬৫ সালের হেগ কনভেনশনের ১৯ নম্বর অনুচ্ছেদের পাশাপাশি ভারতের দেওয়ানি কার্যবিধির ২৯(গ) ধারা এবং পঞ্চম আদেশের ২১ নম্বর বিধি প্রয়োগ করেছে যুক্তরাষ্ট্রের আদালত। এসব আইনি ধারা ও বিধি অনুযায়ী বিদেশি আদালতের নথিপত্র স্থানীয় আদালতের মাধ্যমে তামিল করার ব্যবস্থা রয়েছে।
আইন বিশেষজ্ঞদের মতে, এই পর্যায়ে সমন জারি হওয়ার অর্থ এই নয় যে অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। বরং এটি মামলার আনুষ্ঠানিক আইনি নোটিশ পৌঁছে দেওয়ার একটি ধাপ মাত্র।
আদালতের নথিপত্র বলছে, পান্নুন এর আগে দোভাল রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তিন দফা সরাসরি সমন তুলে দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে যে প্রতিবারই দোভালের নিরাপত্তারক্ষীরা তাতে বাধা দেন।
পরবর্তী সময়ে ভারতের আইন মন্ত্রণালয়ের মাধ্যমে দোভাল, গোয়েল এবং মামলার অপর এক অভিযুক্ত বিক্রম যাদবের কাছে আইনি নথি পাঠানোর চেষ্টা করেন পান্নুন, যা ফলপ্রসূ হয়নি। গত ৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরও কূটনৈতিক পত্রের মাধ্যমে ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাসে সমন পাঠিয়েছিল, কিন্তু সেটি পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করা যায়নি।
সবশেষে ভারতীয় আদালতের সহায়তা চেয়ে আবেদন করেন পান্নুন এবং মার্কিন আদালত সেই আবেদন মঞ্জুর করে।
অন্যদিকে, শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে ভারত সরকার। গত ১০ নভেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই অভিযোগগুলোকে মনগড়া, বিদ্বেষপূর্ণ ও ভিত্তিহীন বলে মন্তব্য করেন।
গত শুক্রবার, ২০ নভেম্বর এ বিষয়ে আবারও সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তিনি। তখন রণধীর জয়সওয়াল স্পষ্ট করেন, আমরা আগেও বলেছি, এ ধরনের ভিত্তিহীন মামলা আমরা প্রত্যাখ্যান করি। আমরা এগুলো মানি না। এ বিষয়ে আমাদের অবস্থান এটাই।