সোমবার, 23 নভেম্বর 2026
সকল বিভাগ

ইসরাইল-ফিলিস্তিন নীতিতে গণতন্ত্রকে প্রাধান্য দিতে হবে: এল-সায়েদ

ইসরায়েল সংক্রান্ত যেকোনো সিদ্ধান্তের ক্ষেত্রে ওয়াশিংটনের উচিত প্রকৃত গণতন্ত্রের মৌলিক আদর্শগুলো নিরপেক্ষভাবে কার্যকর করা।

ইসরাইল-ফিলিস্তিন নীতিতে গণতন্ত্রকে প্রাধান্য দিতে হবে: এল-সায়েদ
ইসরায়েল ও ফিলিস্তিন সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি প্রণয়নে গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়বিচার এবং সবার জন্য সমান অধিকারের বিষয়টিকে সর্বাগ্রে রাখার দাবি জানিয়েছেন মার্কিন সিনেটর আবদুল এল-সায়েদ।

গতকাল রোববার জনপ্রিয় সংবাদমাধ্যম এনবিসির 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে উপস্থিত হয়ে মিশিগান অঙ্গরাজ্য থেকে নির্বাচিত এই ডেমোক্র্যাট নেতা নিজের এমন অবস্থানের কথা তুলে ধরেন।

সাক্ষাৎকারে আবদুল এল-সায়েদ মন্তব্য করেন, ইসরায়েল সংক্রান্ত যেকোনো সিদ্ধান্তের ক্ষেত্রে ওয়াশিংটনের উচিত প্রকৃত গণতন্ত্রের মৌলিক আদর্শগুলো নিরপেক্ষভাবে কার্যকর করা।

অনুষ্ঠানের সঞ্চালক তার কাছে জানতে চান, বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের কেন নিজেদের স্বতন্ত্র পরিচয় ত্যাগ করা উচিত। এর প্রত্যুত্তরে এল-সায়েদ স্মরণ করিয়ে দেন যে, ওই পবিত্র ভূখণ্ডে যুগ যুগ ধরে ফিলিস্তিনিরাও বসবাস করে আসছেন এবং তাদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠনের অঙ্গীকার করা হয়েছিল। কিন্তু সেই অঙ্গীকার পূরণ না হয়ে বরং বিপরীত চিত্র দেখা যাচ্ছে; ইসরায়েলের সীমানা ক্রমাগত বাড়ছে এবং যুক্তরাষ্ট্র সেই সম্প্রসারণবাদী কর্মকাণ্ডে মদদ দিয়ে যাচ্ছে।

তিনি জোর দিয়ে বলেন, মার্কিন নীতিনির্ধারকদের উচিত অন্য সব স্বার্থের ওপরে গণতন্ত্রকে স্থান দেওয়া।

আবদুল এল-সায়েদের মতে, গণতন্ত্র, সুবিচার, সমানাধিকার, শান্তি, আত্মমর্যাদা এবং আত্মনিয়ন্ত্রণের মতো মৌলিক বিষয়গুলো কোনো বিশেষ গোষ্ঠীর জন্য সীমাবদ্ধ না রেখে সবার ক্ষেত্রে সমভাবে প্রয়োগ করতে হবে। ফিলিস্তিনি এবং ইহুদি ইসরায়েলি—উভয় সম্প্রদায়ের মানুষের জন্যই এসব নাগরিক ও মানবিক অধিকার সুরক্ষিত করা জরুরি।

বক্তব্যের শেষে তিনি এটিও পরিষ্কার করেন যে, তার এই দৃষ্টিভঙ্গি কোনো নির্দিষ্ট জাতি বা গোষ্ঠীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার শামিল নয়; বরং এটি প্রতিটি মানুষের ন্যায্য অধিকার ও প্রাপ্য সম্মান নিশ্চিত করার একটি নীতিগত প্রশ্ন।