বৃহস্পতিবার, 19 নভেম্বর 2026
সকল বিভাগ

ইউক্রেনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি দক্ষিণ কোরিয়ার

ইউক্রেন যদি নিজ ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমাপ্রার্থনা না করে, তবে দক্ষিণ কোরিয়া প্রয়োজনীয় কূটনৈতিক জবাব দেবে।

ইউক্রেনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি দক্ষিণ কোরিয়ার
উত্তর কোরিয়ার দুই যুদ্ধবন্দিকে সিউলের হাতে তুলে দেওয়ার সংবেদনশীল তথ্য প্রকাশ্যে উন্মোচন করায় ইউক্রেনের প্রতি প্রকাশ্য ক্ষমা চাওয়ার কঠোর দাবি জানিয়েছে দক্ষিণ কোরিয়া।

শুক্রবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং সাফ জানিয়ে দিয়েছেন, কিয়েভ যদি তাদের এই পদক্ষেপের জন্য আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ না করে, তবে সিউল পরবর্তী পর্যায়ে আরও কঠোর পদক্ষেপ গ্রহণে বাধ্য হবে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএ-এর বরাতে জানা যায়, দক্ষিণ কোরিয়ার সঙ্গে কোনো প্রকার পূর্ব আলোচনা বা সম্মতি ব্যতিরেকেই কিয়েভ এই স্পর্শকাতর তথ্য জনসম্মুখে প্রকাশ করেছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট লি। সিউলের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্দিদের নিরাপত্তার পাশাপাশি উত্তর কোরিয়ায় অবস্থানরত তাদের পরিবারের সুরক্ষার স্বার্থেই এই হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ গোপন রাখা অপরিহার্য ছিল। এর আগে গত সপ্তাহে জাতিসংঘের মঞ্চে দেওয়া এক বক্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান যে, যুদ্ধক্ষেত্র থেকে জীবিত বন্দি করা উত্তর কোরিয়ার দুই সেনাকে তারা দক্ষিণ কোরিয়ার কাছে হস্তান্তর করেছেন। ইউক্রেনীয় প্রেসিডেন্টের এমন মন্তব্যের পরপরই বিষয়টিতে তীব্র অসন্তোষ প্রকাশ করে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার আহ্বান জানায় সিউল প্রশাসন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট লি উল্লেখ করেন, ইউক্রেন যদি নিজ ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমাপ্রার্থনা না করে, তবে দক্ষিণ কোরিয়া প্রয়োজনীয় কূটনৈতিক জবাব দেবে। একই সঙ্গে তাকে আন্তর্জাতিক মহলে অসত্যবাদী হিসেবে প্রমাণের অপচেষ্টা চালানো হচ্ছে বলেও তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি জোর দিয়ে বলেন, বিষয়টি গোটা দক্ষিণ কোরিয়া ও তার নাগরিকদের আত্মমর্যাদার সঙ্গে যুক্ত, তাই এতে ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই।

অন্যদিকে, ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহার সাম্প্রতিক এক সাক্ষাৎকারের সূত্র টেনে প্রেসিডেন্ট লি পরিস্থিতির ওপর নজর রাখার কথা জানান। ইউক্রেনের বিভিন্ন গণমাধ্যমে দেওয়া ওই বক্তব্যে সিবিহা পুরো ঘটনাকে বড় কোনো সংকট হিসেবে না দেখে একটি অনাকাঙ্ক্ষিত কূটনৈতিক ভুল বোঝাবুঝি হিসেবে বর্ণনা করেন। সিউলকে কিয়েভের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, যাবতীয় দূরত্ব দূর করে ভবিষ্যতে উভয় দেশের মধ্যকার পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্ব আরও বাস্তবমুখী রূপ নেবে।