বৃহস্পতিবার, 19 নভেম্বর 2026
সকল বিভাগ

শেখ হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক টানাপোড়েন

দ্য এশিয়ান এইজে প্রকাশিত অনিল তায়াগির নিবন্ধ অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া এবং তার দেশে ফেরার আকাঙ্ক্ষার বিপরীতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের প্রত্যর্পণের দাবিকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের মধ্যে এক ধরনের কূটনৈতিক টানাপোড়েন বা ‘ছায়াযুদ্ধ’ চলছে।

শেখ হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক টানাপোড়েন
কোনো ধরনের সশস্ত্র লড়াই ছাড়াই কৌশলগত উপায়ে ভারত ও বাংলাদেশের মধ্যে একধরনের অদৃশ্য সংঘাত বা ছায়াযুদ্ধ চলছে। এই উত্তেজনার মূল কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপরদিকে, এই কূটনৈতিক সমীকরণে তার রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে রয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে সাবেক এই সরকারপ্রধানকে নিজেদের ভূখণ্ডে আশ্রয় দেওয়ায় কূটনৈতিকভাবে ধীরে ধীরে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছে নয়াদিল্লি।

গত ২০২৪ সালের ৫ আগস্ট এক সামরিক উড়োজাহাজে চড়ে দেশত্যাগ করে ভারতে রাজনৈতিক আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকেই ৭৯ বছর বয়সি এই সাবেক প্রধানমন্ত্রীকে ভারতের একটি গোপন স্থানে কঠোর নিরাপত্তার ঘেরাটোপে রাখা হয়েছে। রাজনৈতিক পরিমণ্ডলে তিনি বর্তমানে অনেকটাই নিভৃতে আছেন এবং দলের সাবেক সহকর্মীদের সঙ্গেও তার যোগাযোগ রয়েছে বেশ সীমিত।

হাসিনার অতিপরিচিত বিভিন্ন সূত্রের দাবি, তিনি নিজ দেশে ফিরে যাওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন। সম্প্রতি তার জাতীয় পরিচয়পত্র সংগ্রহ ও পাসপোর্ট নবায়নের জোরালো প্রচেষ্টা থেকেই তার দেশে ফেরার সুপ্ত বাসনা স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে। যদিও দেশটিতে তার ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে বড় ধরনের ঝুঁকি রয়ে গেছে, কারণ নজিরবিহীন এক তীব্র গণআন্দোলনের মাধ্যমেই মূলত তখনকার ক্ষমতার পটপরিবর্তন ঘটেছিল।

অন্যদিকে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন প্রশাসনও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। তবে তারা কূটনৈতিক আলোচনার পরিবর্তে তাকে আইনি প্রক্রিয়ায় প্রত্যর্পণের মাধ্যমেই ফিরিয়ে আনতে ইচ্ছুক। ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে।
এসব মিলিয়ে ভারত বর্তমানে একসঙ্গে তিনটি বড় কূটনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে—প্রথমত হাসিনার নিরাপত্তা নিশ্চিত করা, দ্বিতীয়ত তার নিজ দেশে ফেরার সুপ্ত আকাক্ষা এবং তৃতীয়ত তারেক রহমান সরকারের কঠোর রাজনৈতিক অবস্থান।

বর্ষীয়ান কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে দ্য এশিয়ান এইজের প্রকাশিত এক নিবন্ধে উল্লেখ করা হয়েছে যে, শেখ হাসিনাকে তৃতীয় কোনো নিরাপদ রাষ্ট্রে স্থানান্তরের সম্ভাবনাও গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছিল নয়াদিল্লি। কিন্তু তাকে নিজেদের দেশে আশ্রয় দিতে রাজি হতে পারে, এমন কোনো রাষ্ট্র খুঁজে পাওয়া তাদের জন্য বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে।

এই পরিস্থিতিতে বিকল্প হিসেবে ঢাকাকে একটি স্পষ্ট বার্তা দিয়েছে ভারত। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, যেহেতু অতীতে বিশেষ পরিস্থিতিতে হাসিনাকে ভারতে পাঠানো হয়েছিল, তাই তাকে ফিরিয়ে নেওয়ার মূল দায়িত্বটুকুও বাংলাদেশ সরকারের ওপর বর্তায়।
এদিকে হাসিনার ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে, বিচারিক রায়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না—এমন আইনি নিশ্চয়তা সাপেক্ষে তাকে দেশে ফিরিয়ে নেওয়ার বিষয়ে বর্তমান প্রশাসনের সঙ্গে যেন নয়াদিল্লি আলোচনা শুরু করে, সেই মর্মে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

অন্যদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশাসন বেইজিংয়ের পাশাপাশি পাকিস্তান ও আঙ্কারার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার উদ্যোগ নিয়েছে। বাংলাদেশের এই নতুন বৈদেশিক নীতি নয়াদিল্লির নীতিনির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
সম্প্রতি একটি পাকিস্তানি সামরিক প্রতিনিধিদল বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। যেখানে গোয়েন্দা তথ্য বিনিময়, সীমান্ত প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণ, যৌথ সামরিক মহড়া ও পারস্পরিক প্রশিক্ষণসহ নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

একাত্তরের মুক্তিযদ্ধের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে রাজনৈতিক ও ঐতিহাসিক বিচ্ছেদ ঘটেছিল, বর্তমান সময়ে দুই দেশের সামরিক ও কৌশলগত যোগাযোগের ক্ষেত্রে সেই দূরত্ব আর বড় কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছে না। যার ফলে ভারতের কূটনৈতিক ও পররাষ্ট্র নীতি নির্ধারণী মহলের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।

এমন জটিল ও স্পর্শকাতর পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিকে। ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাতিষ্ঠানিক প্রটোকল এড়িয়ে সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গোপনীয় প্রতিবেদন পাঠাচ্ছেন।

এই ভূরাজনৈতিক দ্বন্দ্বের ফলাফল সুদূরপ্রসারী। এটি দৃশ্যমান কোনো প্রচলিত যুদ্ধ বা শত্রুতা না হলেও দক্ষিণ এশীয় অঞ্চলে নিজস্ব প্রভাব বিস্তার, আঞ্চলিক নিরাপত্তা এবং ভবিষ্যৎ শক্তির ভারসাম্য বজায় রাখার এক নীরব প্রতিযোগিতাই বটে।


তথ্যসূত্র: দ্য এশিয়ান এইজে অনিল তায়াগির লেখা নিবন্ধ