রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সর্বজনীন পেনশন ব্যবস্থার ডায়নামিক বাংলা কিউআর সেবার শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
তিনি উল্লেখ করেন যে দেশের বর্তমান প্রেক্ষাপটে অর্থনীতিকে আরও শক্তিশালী, আধুনিক ও স্বচ্ছ করতে ডিজিটালাইজেশনের কোনো বিকল্প নেই। নিজেদের রাজনৈতিক ইশতেহারেও প্রযুক্তিভিত্তিক অর্থনীতির বিষয়টিকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছিল জানিয়ে তিনি বলেন, পেপারলেস বা ক্যাশলেস লেনদেন ব্যবস্থা জোরদার করা গেলে প্রতিটি আর্থিক কর্মকাণ্ডের সুনির্দিষ্ট তথ্যভিত্তিক হিসাব থাকবে, যা অর্থনীতিকে গতিশীল করার পাশাপাশি অবৈধ লেনদেনের পথ বন্ধ করবে।
বাংলা কিউআর ব্যবস্থার পূর্ণাঙ্গ সুফল পেতে প্রতিটি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে মসৃণ যোগাযোগ বা আন্তঃসংযোগ তৈরির ওপর জোর দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ব্যাংক ও বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রযুক্তিগত সমন্বয় তৈরি না হলে এই উদ্যোগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে না।
ইলেকট্রনিক পদ্ধতির লেনদেন চালু হলে রাষ্ট্রীয় কর আদায় এবং সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড তদারকি করা সহজতর হবে জানিয়ে তিনি বলেন, এসব ডিজিটাল ডাটা বিশ্লেষণ করে ভবিষ্যতে সরকারের বিভিন্ন নীতি ও উন্নয়নমূলক সিদ্ধান্ত গ্রহণ করা অনেক সহজ হবে।