বৃহস্পতিবার, 19 নভেম্বর 2026
সকল বিভাগ

স্ট্র্যাটোস্ফিয়ার থেকে লাফ দিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন রুশ স্কাইডাইভার সের্গেই বয়ৎসভ

মহাশূন্যের কাছাকাছি স্ট্র্যাটোস্ফিয়ার স্তর থেকে লাফ দিয়ে স্কাইডাইভিঙে এক নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন রাশিয়ার অ্যাথলেট সের্গেই বয়ৎসভ। দেশটির আলতাই অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে ১১ কিলোমিটার উচ্চতায় অবস্থানরত একটি হট এয়ার বেলুন থেকে লাফ দিয়ে তিনি এই অনন্য কীর্তি স্থাপন করেন।

স্ট্র্যাটোস্ফিয়ার থেকে লাফ দিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন রুশ স্কাইডাইভার সের্গেই বয়ৎসভ
মহাশূন্যের কাছাকাছি স্ট্র্যাটোস্ফিয়ার স্তর থেকে লাফ দিয়ে স্কাইডাইভিঙে এক নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন রাশিয়ার অ্যাথলেট সের্গেই বয়ৎসভ। দেশটির আলতাই অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে ১১ কিলোমিটার উচ্চতায় অবস্থানরত একটি হট এয়ার বেলুন থেকে লাফ দিয়ে তিনি এই অনন্য কীর্তি স্থাপন করেন।

আলতাই অঞ্চলের আলেস্ক শহরের নিকটবর্তী আকাশসীমা থেকে এই রোমাঞ্চকর অভিযানের সূচনা হয়। রেকর্ড গড়ার মুহূর্তে বয়ৎসভ ১১ হাজার ৫০০ মিটার বা সাড়ে ১১ কিলোমিটার উঁচুতে অবস্থান করছিলেন। মুক্তপতনের সময় তীব্র ঠান্ডায় হাড় কাঁপানো মাইনাস ৫৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার পতনের গতিবেগ পৌঁছেছিল ঘণ্টায় প্রায় ৫০০ কিলোমিটারে। সেখান থেকে সাফল্যের সাথে নেমে এসে ভূমি থেকে মাত্র ১ হাজার ৫৬৫ মিটার উঁচুতে প্যারাসুট খোলেন এবং পরবর্তীতে উস্ত-কালমানস্কি এলাকায় নিরাপদে অবতরণ করেন।

এই অবিশ্বাস্য লাফের মধ্য দিয়ে বয়ৎসভ এবং বেলুনটির দক্ষ চালক তথা রাশিয়ান এয়ার স্পোর্টস ফেডারেশনের প্রধান ইভান মেনিয়াইলো পোল্যান্ডের ক্রীড়াবিদদের ১০ কিলোমিটার উচ্চতার পূর্ববর্তী রেকর্ডটি ভেঙে দেন। শুধু লাফের রেকর্ডই নয়, এই মিশনে ব্যবহৃত হট এয়ার বেলুনটি সর্বোচ্চ ১১.৫ কিমি উচ্চতায় উঠে রাশিয়ার জাতীয় ইতিহাসে নতুন একটি নজির সৃষ্টি করেছে, যা এর আগে ২০২৫ সালে ফিওদর কোনিউখভের তৈরি করা ১০ হাজার ৬৭৮ মিটারের রেকর্ডকে ছাড়িয়ে যায়।

সাফল্য অর্জনের পর বয়ৎসভ জানান, এটি কেবল তার একার কৃতিত্ব নয়; বরং পুরো প্রকৌশলী দল, দক্ষ পাইলট এবং সংশ্লিষ্ট প্রকল্পের সম্মিলিত প্রচেষ্টার ফসল। সম্পূর্ণ নিজ দেশের প্রযুক্তি ও আধুনিক সরঞ্জাম ব্যবহার করে এই বিশ্বমঞ্চে সাফল্য মেলায় তিনি গভীর গর্ব প্রকাশ করেন।

এই অবিশ্বাস্য অভিযান পরিচালনার পূর্বে নেওয়া হয়েছিল কঠোর ও দীর্ঘমেয়াদী প্রস্তুতি। রাশিয়ান মহাকাশ সংস্থা রসকসমসের সহায়তায় কসমোনট ট্রেনিং সেন্টারের বিশেষ চেম্বারে ১২ কিলোমিটার উচ্চতার কৃত্রিম পরিবেশ বানিয়ে নিজেকে প্রস্তুত করেন তিনি। একই সাথে মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াসের চরম আবহাওয়ায় ব্যবহারের উপযোগী সরঞ্জাম যাচাইকরণ এবং বিশেষ টানেলে দৈহিক সক্ষমতার পরীক্ষা চালানো হয়।

উল্লেখ্য, ২০২৬ সালের আন্তর্জাতিক যুব উৎসবকে স্মরণীয় করে রাখতেই এই সুউচ্চ লাফ ও রেকর্ড অভিযানের পরিকল্পনা করা হয়েছিল, যার মূল ভাবনা ছিল ‘স্বপ্নের পথে এগিয়ে চলো’।