সোমবার, 23 নভেম্বর 2026
সকল বিভাগ

কাল এইচএসসি পুনর্নিরীক্ষার ফল প্রকাশ, অপেক্ষায় ২ লাখ ৯১ হাজার পরীক্ষার্থী

আগামীকাল সোমবার বেলা ৩টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে, যার জন্য ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন করেছেন।

কাল এইচএসসি পুনর্নিরীক্ষার ফল প্রকাশ, অপেক্ষায় ২ লাখ ৯১ হাজার পরীক্ষার্থী
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার ফলাফল আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) প্রকাশ করা হবে। দুপুর ৩টায় একযোগে দেশের ১১টি শিক্ষা বোর্ডের এই ফল ঘোষণা করা হবে, যা পরীক্ষার্থীরা তিনটি মাধ্যমে দেখতে পারবেন।

আজ রোববার (২২ নভেম্বর) আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, কেন্দ্রীয় ওয়েবসাইট (https://eduboardresults.gov.bd) এবং আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে ক্ষুদেবার্তা বা এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা ফল জানতে পারবেন। ফলাফল প্রকাশের পর পরীক্ষার্থীদের সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট অথবা কেন্দ্রীয় পোর্টাল থেকে ফল ডাউনলোড বা সংগ্রহ করার আহ্বান জানিয়েছে আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

চলতি বছরের এইচএসসি ও সমমানের ফলাফল ঘোষিত হওয়ার পর উত্তরপত্র যাচাইয়ের জন্য ১১টি বোর্ড মিলিয়ে মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন পরীক্ষার্থী আবেদন করেছেন। এসব শিক্ষার্থী বিভিন্ন বিষয়ের মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি খাতা পুনর্নিরীক্ষার জন্য জমা দিয়েছেন।

এর মধ্যে এককভাবে ঢাকা শিক্ষা বোর্ডেই জমা পড়েছে ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন। বোর্ডটির বিষয়ভিত্তিক হিসাব অনুযায়ী, বাংলা, ইংরেজি ও আইসিটির পাশাপাশি বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার নানা বিষয়ে অনেক আবেদন করেছেন শিক্ষার্থীরা।

ঢাকা বোর্ডের আওতায় ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে আলাদাভাবে ৪২ হাজার ২টি করে আবেদন জমা হয়েছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে আবেদনকারীর খাতার সংখ্যা ৩৮ হাজার ৭৫টি।
আবশ্যিক বিষয়গুলোর মধ্যে বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রে সমানভাবে ২৪ হাজার ৮৫৮টি করে আবেদন জমা পড়েছে।

বিজ্ঞান শাখার বিষয়গুলোর মধ্যে রসায়নে সবচেয়ে বেশি আবেদন এসেছে। এই বিষয়ের প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক ১৮ হাজার ৪৮২টি করে আবেদন করা হয়েছে। পাশাপাশি জীববিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্রে সমানভাবে ১৫ হাজার ৭৫৭টি করে খাতা পুনর্নিরীক্ষার আবেদন জমা পড়েছে।

মানবিক শাখার বিষয়গুলোর মধ্যে পৌরনীতি ও সুশাসন প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক ৩ হাজার ৫৭১টি এবং সমাজকর্ম বিষয়ে ১ হাজার ৯৯৭টি আবেদন পাওয়া গেছে।

অন্যদিকে, ব্যবসায় শিক্ষা শাখার বিষয়গুলোর মধ্যে হিসাববিজ্ঞানে সর্বাধিক আবেদন জমা পড়েছে। এ বিষয়ের প্রথম ও দ্বিতীয় পত্রে সমানভাবে ৩ হাজার ৮২৭টি করে আবেদন হয়েছে। এ ছাড়া ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে ২ হাজার ৩৩১টি আবেদন জমা পড়েছে।