শুক্রবার, 27 নভেম্বর 2026
সকল বিভাগ

ভারতের রাজনীতিতে তরুণদের উত্তাল আন্দোলন ও চতুর্মুখী বিপাকে মোদি সরকার

ভেঙে পড়া অর্থনীতি, প্রশাসনিক ব্যর্থতা, সাংবিধানিক নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা এবং তরুণ প্রজন্মের ব্যাপক মাত্রায় রাস্তায় নেমে আসার সমন্বয়ে মোদি প্রশাসন কার্যত এক চতুর্মুখী সংকটের ঘূর্ণিপাকে।

ভারতের রাজনীতিতে তরুণদের উত্তাল আন্দোলন ও চতুর্মুখী বিপাকে মোদি সরকার
গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন মিলিয়ে দীর্ঘ ২৬ বছরের রাজনৈতিক জীবনে এবার নজিরবিহীন বিপর্যয়ের মুখোমুখি হয়েছেন নরেন্দ্র মোদি। তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক আধিপত্য ও কৌশল আজ বড় ধরনের ধাক্কা খেয়েছে। ভেঙে পড়া অর্থনীতি, প্রশাসনিক ব্যর্থতা, সাংবিধানিক নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা এবং তরুণ প্রজন্মের ব্যাপক মাত্রায় রাস্তায় নেমে আসার সমন্বয়ে মোদি প্রশাসন কার্যত এক চতুর্মুখী সংকটের ঘূর্ণিপাকে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টে প্রকাশিত এক বিশ্লেষণে সাংবাদিক শেখর গুপ্ত দেশটির সার্বিক পরিস্থিতিকে একটি নিখুঁত রাজনৈতিক ঝড় বা চরম চতুর্মুখী সংকট হিসেবে উল্লেখ করেছেন। তাঁর পর্যবেক্ষণ অনুযায়ী, নরেন্দ্র মোদির রাজনৈতিক সাফল্যের মূল তিন স্তম্ভ—উগ্র হিন্দু জাতীয়তাবাদ, জনকল্যাণমুখী সামাজিক প্রকল্প ও চোখধাঁধানো অবকাঠামো নির্মাণ—আজ একসঙ্গে তীব্র চাপের মধ্যে পড়েছে। তদুপরি সাংবিধানিক আস্থা, নিরপেক্ষ বিচারব্যবস্থা ও স্বাধীন নির্বাচন কমিশনের মতো ভারতীয় গণতান্ত্রিক স্তম্ভগুলোতেও বড় ধরনের ভাঙন দৃশ্যমান হয়েছে। প্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরীণ মতবিরোধ, রাজনৈতিক সংঘাত, অর্থনীতির মন্দা এবং আন্তর্জাতিক ভূরাজনীতি মিলে এই সংকটকে জটিল রূপ দিয়েছে।

বিশ্লেষণে ইঙ্গিত দেওয়া হয়েছে, ভারতের নির্বাচন কমিশন অতীতে কখনোই এমন দুর্বল ও প্রশ্নবিদ্ধ অবস্থানে পৌঁছায়নি। নির্বাচন পরিচালনার স্বচ্ছতা যেমন সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারাচ্ছে, তেমনি শীর্ষ নির্বাচন কর্মকর্তার সিদ্ধান্তের বিরোধিতায় বাকি কমিশনারদের অবস্থান নেওয়ার ঘটনাও সামনে আসছে। অন্যদিকে দেশের সর্বোচ্চ বিচারালয়ের অবস্থান নিয়ে সরকার ও বিরোধী উভয় শিবির থেকেই অসন্তোষ ব্যক্ত হয়েছে, যেখানে আদালতের ভূমিকা নিয়ে দ্বিমুখী আচরণের অভিযোগ উঠেছে। পাশাপাশি সাবেক আমলা সুভাষচন্দ্র গর্ভের জিডিপির সরকারি পরিসংখ্যান নিয়ে তোলা সংশয় অর্থনৈতিক বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে।

এদিকে সাধারণ মানুষের জীবনযাত্রায় অর্থনৈতিক সংকট দিন দিন গভীর হচ্ছে। প্রায় তিন বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে উঠেছে মূল্যস্ফীতি এবং মার্কিন ডলারের বিপরীতে দেশটির মুদ্রা রুপির মান লাগাতার কমছে। শেয়ারবাজারে ধারাবাহিক পতনের দরুন ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মধ্যবিত্তের সঞ্চয়। অনাবৃষ্টি ও খরার ধাক্কায় ধুঁকছে কৃষিখাত।

রাজনৈতিক অঙ্গনে প্রধান বিরোধী নেতা রাহুল গান্ধীর কর্মসূচিগুলো যেমন মূলধারার গণমাধ্যমে জায়গা করে নিচ্ছে, তেমনি তরুণ জেন-জি প্রজন্মের ডিজিটাল প্রতিবাদ ও সিজেপির মতো নাগরিক দলগুলো জাতীয় রাজনীতির সুর নির্ধারণ করতে শুরু করেছে। এনডিএ জোটের শরিক নেতা চিরাগ পাসোয়ান কিংবা ওম প্রকাশ রাজভরের প্রকাশ্য ক্ষোভ জোটের অভ্যন্তরীণ ফাটল স্পষ্ট করেছে। একই সঙ্গে আসন পুনর্বিন্যাস, সংসদ অধিবেশন আহ্বান এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার খালি পদ পূরণে সরকারের অস্বস্তি ফুটে উঠেছে। বিশ্বমঞ্চে ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক প্রভাব, ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং আঞ্চলিক রাজনীতিতে পাকিস্তানের পরিবর্তিত সুবিধাজনক অবস্থান ভারতের কূটনৈতিক চাপ অনেক বাড়িয়ে দিয়েছে।

তবে সরকারি নীতিনির্ধারকদের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে দেশটির ক্ষুব্ধ তরুণ সমাজ। গত মে মাসে বেকার যুবসমাজকে নিয়ে প্রধান বিচারপতি সূর্য কান্তের বিতর্কিত মন্তব্যের প্রতিক্রিয়া হিসেবে ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টি বা সিজেপির আত্মপ্রকাশ ঘটে। একই মাসে মেডিকেল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং অন্তত ২০ জন শিক্ষার্থীর আত্মহত্যার মর্মান্তিক ঘটনার পর রাজপথে বড় আন্দোলন গড়ে তোলে তারা। কেন্দ্রীয় সরকার রাজধানীতে ইন্টারনেট বন্ধ, নজরদারি বৃদ্ধি, লাঠিচার্জ, জলকামান ও টিয়ার গ্যাস প্রয়োগ করে আন্দোলনকারীদের ওপর দমনপীড়ন চালালেও তরুণদের প্রতিরোধ থামানো যায়নি। তীব্র প্রতিবাদের মুখে ২৫ জুলাই দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিজের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মন্ত্রীর পদত্যাগ বিজেপির জন্য মূল বিষয় নয়; আসল ভয়ের কারণ হলো রাজনীতিতে সম্পূর্ণ নতুন এক তরুণ প্রজন্মের আত্মপ্রকাশ, যারা সরাসরি নরেন্দ্র মোদির নেতৃত্বকে প্রকাশ্য রাজপথে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এর ফলে দেশটিতে মোদি সরকারের সরাসরি সমালোচনা এক স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে।

প্রাথমিক সাফল্যের পর সিজেপি বিভিন্ন রাজ্যে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারে মাঠে নামে এবং নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ বৃদ্ধি করে। অতি সম্প্রতি নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নিয়ে বড় ধরনের দুর্নীতির অভিযোগ তুলে ফের সক্রিয় হয় আন্দোলনকারীরা। সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের অনুসন্ধানে উঠে এসেছে, যাচাই প্রক্রিয়ায় প্রায় ১৩ কোটি ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। বিরোধীদের দাবি, এই কৃত্রিম ভোটার হ্রাসের সুযোগ নিয়েই বিগত রাজ্য নির্বাচনগুলোতে অনৈতিক জয় হাসিল করেছে ক্ষমতাসীন বিজেপি।

এই অভিযোগের সূত্রে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে ব্যাপক সমাবেশের ডাক দেয় আন্দোলনকারী তরুণরা। সমাবেশ ঠেকাতে পুরো রাজধানীতে নজিরবিহীন নিরাপত্তাবলয় গড়ে তোলে প্রশাসন। হাজার হাজার নিরাপত্তা সদস্য মোতায়েন, মধ্য দিল্লির বাণিজ্যিক এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধ এবং একাধিক মেট্রো স্টেশন ও বাজার অবরুদ্ধ করা হয়।

বিক্ষোভ চলাকালে অন্তত দুই হাজার প্রতিবাদীকে আটক করার কথা বলা হলেও বিভিন্ন সূত্রের দাবি, আটকের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। আটক হওয়া ব্যক্তিদের তালিকায় রয়েছেন কনটেন্ট ক্রিয়েটর ধ্রুব রাঠি, সিজেপির শীর্ষ সংগঠক অভিজিৎ দীপকে, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কাসহ পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং শীর্ষ বাম নেতা মানিক সরকার ও পিনারাই বিজয়ন। পেশাগত দায়িত্ব পালনকালে বেশ কয়েকজন সাংবাদিককেও আটক করে পুলিশ।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ২০২৭ সালের আসন্ন রাজ্য নির্বাচন ও ২০২৯ সালের সাধারণ নির্বাচনের আগে এই ব্যাপক জনঅসন্তোষ নরেন্দ্র মোদির জন্য এ যাবৎকালের সবচেয়ে বড় রাজনৈতিক অগ্নিপরীক্ষা। রাজপথের লাগাতার বিক্ষোভ, সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতি অনাস্থা এবং নতুন প্রজন্মের আপসহীন মনোভাব স্পষ্ট করছে যে ভারতের চিরাচরিত রাজনীতির গতিপথ আমূল বদলে যাচ্ছে। রাষ্ট্রযন্ত্রের শক্তি প্রয়োগে হয়তো তাৎক্ষণিকভাবে রাজপথ নিয়ন্ত্রণে রাখা সম্ভব, তবে জবাবদিহির দাবিতে সোচ্চার এই যুবসমাজকে শান্ত রাখা আগামী দিনগুলোতে মোদি সরকারের জন্য এক বিরাট অস্তিত্বের লড়াই হতে চলেছে।