রবিবার, 4 অক্টোবর 2026
সকল বিভাগ

এলপিজির দাম কমলেও বেড়েছে সয়াবিন তেলের

বুধবার (২ সেপ্টেম্বর) এলপিজির নতুন দাম ঘোষণা করে বিইআরসি। নতুন নির্ধারিত দাম ওই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ দাম বহাল থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। অন্যদিকে, একই দিনে সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তের কথা জানান বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান।

এলপিজির দাম কমলেও বেড়েছে সয়াবিন তেলের

এলপিজির দামে কিছুটা স্বস্তি এলেও সয়াবিন তেলের দাম বাড়ায় ভোক্তাদের ওপর নতুন চাপ তৈরি হয়েছে। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। একই দিনে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা করেছে সরকার।

বুধবার (২ সেপ্টেম্বর) এলপিজির নতুন দাম ঘোষণা করে বিইআরসি। নতুন নির্ধারিত দাম ওই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ দাম বহাল থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। অন্যদিকে, একই দিনে সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তের কথা জানান বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান।

আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ব্যয়ের ওঠানামা বিবেচনায় নিয়ে প্রতি মাসে এলপিজি ও অটোগ্যাসের দাম পুনর্নির্ধারণ করে বিইআরসি।

নতুন দর অনুযায়ী, সাড়ে ৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭২৭ টাকা, সাড়ে ১২ কেজির ১ হাজার ৬৫২ টাকা, ১৫ কেজির ১ হাজার ৯৮২ টাকা, ১৬ কেজির ২ হাজার ১১৪ টাকা এবং ১৮ কেজির ২ হাজার ৩৭৮ টাকা করা হয়েছে।

এ ছাড়া ২০ কেজির সিলিন্ডার ২ হাজার ৬৪২ টাকা, ২২ কেজি ২ হাজার ৯০৭ টাকা, ২৫ কেজি ৩ হাজার ৩০৩ টাকা, ৩০ কেজি ৩ হাজার ৯৬৪ টাকা, ৩৩ কেজি ৪ হাজার ৩৬০ টাকা, ৩৫ কেজি ৪ হাজার ৬২৪ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডার ৫ হাজার ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সয়াবিন তেলের লিটারে বাড়ল ৫ টাকা

আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম ও আমদানি ব্যয় বিবেচনায় বোতলজাত সয়াবিন তেলের দাম সমন্বয় করেছে সরকার। নতুন সিদ্ধান্তে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এত দিন এ দাম ছিল ১৯৯ টাকা। অর্থাৎ লিটারে দাম বেড়েছে ৫ টাকা।

তবে খোলা সয়াবিন তেল ও পাম তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান। পরে বাণিজ্য মন্ত্রণালয় থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতেও নতুন দরের বিষয়টি জানানো হয়।

বাণিজ্য সচিব বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বেড়েছে। এর সঙ্গে পরিবহন ব্যয়ও বেড়েছে। এ কারণে আমদানিকারকেরা তেলের দাম সমন্বয়ের আবেদন করেছিলেন। বাজার পরিস্থিতি পর্যালোচনা করে সরকার সীমিত পরিসরে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, ব্যবসায়ীরা এর চেয়ে বেশি দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন। অন্যদিকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) প্রতি লিটারে ১০ টাকা বাড়ানোর সুপারিশ করেছিল। তবে ভোক্তাদের স্বার্থ ও সামগ্রিক বাজার পরিস্থিতি বিবেচনায় সরকার তুলনামূলক কম হারে দাম সমন্বয় করেছে।

বাণিজ্য সচিব জানান, দেশে বর্তমানে ভোজ্যতেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। বাজারে কোনো সংকট নেই। বাজার স্থিতিশীল রাখতে সরকার নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

রমজানের আগে আবারও ভোজ্যতেলের দাম বাড়ানো হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি ওই সময়ের আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় এবং দেশের সামগ্রিক সরবরাহ ব্যবস্থার ওপর নির্ভর করবে।

সম্প্রতি নতুন বেতন কাঠামো অনুমোদন ও চিনির দাম বাড়ার পর ভোজ্যতেলের দামও বাড়ায় মূল্যস্ফীতিতে এর প্রভাব পড়বে কি না, জানতে চাইলে বাণিজ্য সচিব বলেন, এখন পর্যন্ত সরকার মূল্যস্ফীতির কোনো কারণ দেখেনি। সার্বিক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারের চাপ এবং আমদানি ব্যয়ের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখেই সীমিত পরিসরে সয়াবিন তেলের দাম সমন্বয় করা হয়েছে। পাশাপাশি খোলা সয়াবিন ও পাম তেলের দাম অপরিবর্তিত থাকায় বাজারে বড় ধরনের চাপ তৈরি হবে না বলে আশা করা হচ্ছে।

এর আগেও বেড়েছিল সয়াবিনের দাম

এর আগে গত ২৯ এপ্রিল সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। সে সময় ৫ লিটারের বোতলের দাম করা হয় ৯৭৫ টাকা। একই সঙ্গে খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৮০ টাকা করা হয়। তবে পাম তেলের দাম আগের অবস্থায় রাখা হয়েছিল।

এরও আগে গত বছরের ১৪ অক্টোবর বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ৮ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

একই সময় খোলা পাম তেলের দামও লিটারে ১৩ টাকা বাড়ানোর ঘোষণা দেয় ভোজ্যতেল উৎপাদন ও পরিশোধনকারী কোম্পানিগুলোর সংগঠনটি।

ওই সময় নতুন দর অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম দাঁড়ায় ১৯৫ টাকা। এর আগে এ দাম ছিল ১৮৯ টাকা।

খোলা সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয় ১৭৬ টাকা, যা আগে ছিল ১৬৮ টাকা। এ ছাড়া ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ২৫ টাকা বেড়ে ৯৪৫ টাকা করা হয়। অন্যদিকে, খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয় লিটারে ১৬৩ টাকা।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অপরিশোধিত ভোজ্যতেল আমদানি ব্যাহত হওয়ার পর খোলা সয়াবিন তেলের দাম বাড়তে শুরু করে। তবে গত ১২ এপ্রিল বাজারে ভোজ্যতেলের ‘পর্যাপ্ত’ সরবরাহ রয়েছে দাবি করে ভোক্তাদের ‘অহেতুক’ আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছিলেন বাণিজ্যমন্ত্রী।