কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে অতীতের সব রেকর্ড ভেঙে ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা পাওয়া গেছে। ১৪৬ দিন পর শনিবার (২১ নভেম্বর) দানবাক্সগুলো খোলার পর এই বিপুল পরিমাণ নগদ অর্থ ছাড়াও উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারের সন্ধান মিলেছে। রাত পৌনে ৯টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মসজিদ পরিচালনা কমিটির সদস্য সচিব মো. কামরুল হাসান মারুফ গণনার এই চূড়ান্ত হিসাব নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার সকাল ৭টায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়। বাক্সগুলো থেকে নগদ অর্থ ভরে সর্বমোট ৫১টি বস্তায় সংগ্রহ করা হয়, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। পরবর্তীতে বস্তাগুলো মসজিদ কমপ্লেক্সের দোতলায় নিয়ে দিনব্যাপী গণনা কার্যক্রম পরিচালনা করা হয়। বিশাল এই কর্মযজ্ঞে মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের পাশাপাশি কমপ্লেক্সের মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, জামিয়া এমদাদিয়া মাদরাসার ছাত্র এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ছয়শ মানুষ অংশগ্রহণ করেন।
দানবাক্স খোলার সময় সেখানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। এর আগে চলতি বছরের ২৭ জুন দানবাক্সগুলো খুলে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকার পাশাপাশি প্রচুর বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গিয়েছিল।
মসজিদ কর্তৃপক্ষের তথ্যমতে, দানের এই অর্থ পাগলা মসজিদের উন্নয়ন ছাড়াও জেলার অন্যান্য মসজিদ, মাদরাসা, এতিমখানা এবং বিভিন্ন আর্তমানবতার সেবায় ব্যয় করা হয়ে থাকে। এছাড়া, দানের অর্থ দিয়ে ১১৫ কোটি টাকা প্রাথমিক ব্যয়ে আন্তর্জাতিক মানের একটি দৃষ্টিনন্দন স্থাপনা নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ‘পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স’ নামে প্রস্তাবিত এই প্রকল্পের কাজ খুব শিগগিরই শুরু হবে, যেখানে একসঙ্গে ৩০ হাজার মুসল্লি নামাজ আদায়ের সুবিধা পাবেন।