শুক্রবার, 27 নভেম্বর 2026
সকল বিভাগ

বিরোধী দলের ওয়াকআউটের পর মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস

বিরোধীদলীয় নেতা, শফিকুর রহমান বলেন, মানবাধিকার কমিশনকে একটি ‘ইউনিফর্ম অথরিটি’ দেওয়া হয়নি। তিনি বলেন, ‘দুর্বল আইন পাস করার অংশীদার আমরা হব না। আমরা এই আইনের আলোচনায় অংশগ্রহণ করছি না এবং আমরা এখন ওয়াকআউট করছি।’

বিরোধী দলের ওয়াকআউটের পর মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস

জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল পাস করেছে জাতীয় সংসদ। তবে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করে ‘দুর্বল’ আইন করা হচ্ছে—এমন অভিযোগ তুলে আপত্তি জানিয়ে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল জামায়াতে ইসলামী।

রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বিল দুটি কণ্ঠভোটে পাস হয়। প্রথমে ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬’ এবং পরে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ পাস করা হয়। দুটি বিলের আলোচনায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়ে এর আগে সংসদ থেকে বেরিয়ে যায় বিরোধী দল।

মানবাধিকার কমিশন বিল নিয়ে আপত্তি

জাতীয় মানবাধিকার কমিশন বিলটি সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, বিলে মানবাধিকার কমিশনকে ক্ষতিপূরণ দেওয়ার ক্ষমতা রাখা হয়েছে। কেউ ক্ষতিপূরণ না দিলে পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্টের মাধ্যমে তা আদায়ের ব্যবস্থাও রয়েছে।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি পরামর্শ ও অংশীজনের সঙ্গে আলোচনা করেই বিলটি সংসদে আনা হয়েছে।

তবে বিলটি বিবেচনার আগে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে করা অধ্যাদেশ বাতিলের সময় সরকার আরও শক্তিশালী ও ভালো আইন আনার কথা বলেছিল। কিন্তু নতুন বিলে সাধারণ নাগরিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ক্ষেত্রে ‘দ্বৈত প্রয়োগ’ রাখা হয়েছে।

তিনি বলেন, সাধারণ কোনো নাগরিক মানবাধিকার লঙ্ঘন করলে মানবাধিকার কমিশন সরাসরি তার বিরুদ্ধে তদন্ত করতে পারবে। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের ক্ষেত্রে একইভাবে তদন্ত করা যাবে না। রাষ্ট্রীয় বাহিনীর সদস্যরা রাষ্ট্রের কর্মচারী হলেও তারা এ দেশের নাগরিক। একই অপরাধে একজনের বিরুদ্ধে সরাসরি তদন্ত করা যাবে, আরেক ক্ষেত্রে তা আটকে যাবে—এটি হতে পারে না।

শফিকুর রহমান আরও বলেন, মানবাধিকার কমিশনকে একটি ‘ইউনিফর্ম অথরিটি’ দেওয়া হয়নি। তিনি বলেন, ‘দুর্বল আইন পাস করার অংশীদার আমরা হব না। আমরা এই আইনের আলোচনায় অংশগ্রহণ করছি না এবং আমরা এখন ওয়াকআউট করছি।’

জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘ওয়াকআউট করার জন্য আপনাদেরও ধন্যবাদ।’

গুমকে স্বতন্ত্র ফৌজদারি অপরাধ

গুম প্রতিরোধ ও প্রতিকার বিলে গুমকে স্বতন্ত্র, আমলযোগ্য, জামিন ও আপস অযোগ্য ফৌজদারি অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সাধারণ গুমের অপরাধে ন্যূনতম তিন বছর থেকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি সর্বোচ্চ ৫০ লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।

বিলে বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজ পরিচয়ে কিংবা সরকারের সমর্থনে কাউকে গ্রেপ্তার, আটক বা অপহরণ করে তার স্বাধীনতা হরণের বিষয়টি অস্বীকার করলে অথবা তার অবস্থান গোপন রাখলে সেটি গুম হিসেবে গণ্য হবে।

গুমের ফলে কারও মৃত্যু হলে, মরদেহ উদ্ধার হলে অথবা পাঁচ বছর পার হওয়ার পরও সংশ্লিষ্ট ব্যক্তিকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব না হলে দায়ী ব্যক্তির মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ এক কোটি টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।

১২০ দিনের মধ্যে তদন্ত ও বিচার

বিলে গুমের অভিযোগের তদন্ত সর্বোচ্চ ১২০ দিনের মধ্যে শেষ করার বিধান রাখা হয়েছে। একই সময়সীমার মধ্যে বিচারকাজ শেষ করার কথাও বলা হয়েছে।

কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা ওই বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে গুমের অভিযোগ উঠলে সংশ্লিষ্ট বাহিনী নিজে সেই অভিযোগ তদন্ত করতে পারবে না। সরকার স্বতঃপ্রণোদিত হয়ে অথবা কোনো পক্ষের আবেদনের ভিত্তিতে অভিযুক্ত বাহিনী ছাড়া অন্য কোনো বাহিনী কিংবা আন্তবাহিনী তদন্ত দলের কাছে তদন্তভার দিতে পারবে।

গুম হওয়া ব্যক্তিকে উদ্ধারে আদালতের মাধ্যমে তল্লাশি পরোয়ানা জারি, অভিযুক্ত ব্যক্তির অনুপস্থিতিতে বিচার এবং ডিজিটাল সাক্ষ্য নেওয়ার সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি সাক্ষী, অভিযোগকারী, তথ্য প্রকাশকারী ও ভুক্তভোগীর গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থাও রয়েছে।

বিলে গুমের মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের বিরুদ্ধেও ব্যবস্থা রাখা হয়েছে। আদালতের কাছে কোনো অভিযোগ মিথ্যা ও হয়রানিমূলক বলে মনে হলে অভিযোগকারীকে কারণ দর্শানোর সুযোগ দিয়ে অভিযুক্ত ব্যক্তিকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিতে পারবেন আদালত। একই সঙ্গে অভিযোগকারীকে সর্বোচ্চ পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া যাবে।

জাতীয় মানবাধিকার কমিশন বিলে যা আছে

জাতীয় মানবাধিকার কমিশন আইনে একজন চেয়ারপারসন ও চারজন কমিশনারের সমন্বয়ে কমিশন গঠনের কথা বলা হয়েছে। তাদের মধ্যে অন্তত একজন নারী এবং একজন ক্ষুদ্র নৃগোষ্ঠী বা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সদস্য থাকবেন।

চেয়ারপারসন ও কমিশনার নিয়োগে সুপারিশ দেওয়ার জন্য একটি বাছাই কমিটি থাকবে। এতে থাকবেন স্পিকার, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সরকারি দল ও বিরোধী দল মনোনীত দুজন সংসদ সদস্য, মন্ত্রিপরিষদ সচিব ও ইউজিসি মনোনীত একজন অধ্যাপক, রাজনৈতিক দলের প্রভাবমুক্ত একজন নাগরিক প্রতিনিধি, জাতীয় প্রেসক্লাবের সভাপতি বা তার মনোনীত সাংবাদিক প্রতিনিধি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী বা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্য থেকে রাজনৈতিক দলের প্রভাবমুক্ত একজন প্রতিনিধি।

বিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের ক্ষেত্রে আলাদা পদ্ধতি রাখা হয়েছে।

কমিশন নিজ উদ্যোগে অথবা কোনো আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট সংস্থা বা প্রতিষ্ঠানের কাছে প্রতিবেদন চাইতে পারবে। ওই প্রতিবেদনে কমিশন সন্তুষ্ট হলে আর কোনো উদ্যোগ নেবে না। তবে সন্তুষ্ট না হলে সংশ্লিষ্ট বিষয়ে করণীয় সম্পর্কে সংস্থা বা প্রতিষ্ঠানের কাছে সুপারিশ করতে পারবে।

কমিশনের সুপারিশ পাওয়ার ৪৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট সংস্থা বা প্রতিষ্ঠান কী ব্যবস্থা নিয়েছে, তা লিখিতভাবে কমিশনকে জানাতে হবে।

‘অধ্যাদেশটি ত্রুটিপূর্ণ ছিল’

গুম প্রতিরোধ ও প্রতিকার বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশটি ত্রুটিপূর্ণ ছিল। অংশীজনদের সঙ্গে আলোচনা করে আগের অধ্যাদেশে আমূল পরিবর্তন এনে এবং সেটিকে শক্তিশালী করে নতুন বিলটি করা হয়েছে।

গুম প্রতিরোধ ও প্রতিকার বিল প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটিও শক্তিশালী করে আনা হয়েছে। তিনি বলেন, ‘জাতির প্রত্যাশা অনুযায়ী, আমাদের অঙ্গীকার অনুযায়ী, আমাদের নির্বাচনি ইশতেহার অনুযায়ী আমরা গুমের এই প্রতিরোধ ও প্রতিকার বিল নিয়ে এসেছি।’

বিরোধী দলের ওয়াকআউটের পর শেষ পর্যন্ত কণ্ঠভোটে জাতীয় মানবাধিকার কমিশন বিল ও গুম প্রতিরোধ ও প্রতিকার বিল পাস হয়।