সোমবার, 23 নভেম্বর 2026
সকল বিভাগ

এসএমই হবে উৎপাদন ও রফতানির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

আগামী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির আকার ১ ট্রিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার রূপকল্প তুলে ধরে তারেক রহমান বলেন, এই বিশাল লক্ষ্য বাস্তবায়নে বৃহৎ শিল্পের সমান্তরালে মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জাতীয় উৎপাদন কাঠামো, সরবরাহ শৃঙ্খল এবং দেশীয় ও আন্তর্জাতিক মূল্য শৃঙ্খলের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।

এসএমই হবে উৎপাদন ও রফতানির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
দেশের আর্থসামাজিক অগ্রগতি ও স্বনির্ভরতা অর্জনে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি ঘোষণা করেছেন যে, বাংলাদেশকে বৈশ্বিক উৎপাদনশিল্পের কেন্দ্র বা ম্যানুফ্যাকচারিং হাব এবং রপ্তানির প্রধান প্রবেশদ্বার বা এক্সপোর্টিং গেটওয়ে হিসেবে গড়ে তোলাই হবে প্রস্তাবিত জাতীয় এসএমই নীতিমালা ২০২৬-এর প্রধান উদ্দেশ্য। রবিবার ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, ২০২৯ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা এবং পরিবর্তিত বৈশ্বিক বাণিজ্য ও অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে সরকার জাতীয় এসএমই নীতিমালা ২০২৬-এর খসড়া প্রণয়ন করেছে, যা দ্রুতই অনুমোদনের জন্য মন্ত্রিসভায় তোলা হবে। এই নতুন নীতিমালার মাধ্যমে ২০৩১ সালের মধ্যে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অংশীদারিত্ব ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে। পাশাপাশি ওই সময়সীমার মধ্যে এই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান তৈরির পরিকল্পনাও রয়েছে সরকারের।

আগামী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির আকার ১ ট্রিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার রূপকল্প তুলে ধরে তারেক রহমান বলেন, এই বিশাল লক্ষ্য বাস্তবায়নে বৃহৎ শিল্পের সমান্তরালে মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জাতীয় উৎপাদন কাঠামো, সরবরাহ শৃঙ্খল এবং দেশীয় ও আন্তর্জাতিক মূল্য শৃঙ্খলের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। তিনি মনে করেন, এসএমই খাতকে শুধু স্থানীয় বাজারের গণ্ডিতে আটকে না রেখে বড় শিল্পের সহায়ক উৎপাদক, যন্ত্রাংশ ও কাঁচামাল জোগানদাতা এবং রপ্তানিমুখী উৎপাদন প্রক্রিয়ার অপরিহার্য অংশ হিসেবে বিকশিত করতে হবে।

বক্তব্যে তৈরি পোশাক খাতের পাশাপাশি চামড়াজাত সামগ্রী, হালকা প্রকৌশল বা লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষি প্রক্রিয়াজাতকরণ, প্লাস্টিক, হস্তশিল্প, তথ্যপ্রযুক্তি এবং সৃজনশীল খাতে উদ্যোক্তাদের কারিগরি দক্ষতা ও উৎপাদন ক্ষমতা বাড়ানোর তাগিদ দেন সরকারপ্রধান। এ সময় তিনি দেশে পোশাক শিল্পের গোড়াপত্তন এবং বৈদেশিক কর্মসংস্থানের দ্বার উন্মোচনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এলাকাভিত্তিক শিল্পায়নের সফল দৃষ্টান্ত হিসেবে ইতালির বিশেষায়িত শিল্প ক্লাস্টার মডেলের উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, এসএমই ফাউন্ডেশন এরই মধ্যে সারা দেশে ১৭৭টি সম্ভাবনাময় শিল্প ক্লাস্টার শনাক্ত করেছে। এসব ক্লাস্টারকে ‘ওয়ান ভিলেজ, ওয়ান প্রোডাক্ট’ এবং ক্রিয়েটিভ ইকোনমি উদ্যোগের অধীনে নিয়ে আসার কাজ চলছে। এছাড়া দেশীয় ঐতিহ্যবাহী ও সৃজনশীল পণ্যের নকশা উন্নয়ন, গুণগত মান বৃদ্ধি এবং বাজার প্রসারের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশনের তত্ত্বাবধানে একটি জাতীয় ক্রিয়েটিভ ও ডিজাইন সেন্টার স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি, যা পরবর্তীতে আঞ্চলিক পর্যায়ে বিস্তৃত করা হবে।

বৈশ্বিক বাজারে দেশীয় এসএমই পণ্যের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে তারেক রহমান বলেন, সিঙ্গাপুর, লন্ডন ও প্যারিসের মতো বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পণ্য প্রদর্শনী আয়োজনের ব্যাপারে তিনি অর্থ ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। সম্প্রতি তুরস্কে সমাপ্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের প্যাভিলিয়নে পাটজাত সামগ্রীসহ অন্যান্য পণ্যের প্রতি বিদেশি ক্রেতাদের ব্যাপক আগ্রহের কথা উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনের এই চাহিদাকে কাজে লাগাতে হবে। বিদেশি আমদানিকারকরা যেন সরাসরি ক্রয়াদেশ দিতে পারেন, সেজন্য প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক প্রস্তুতি, সহজ লেনদেন এবং আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করা অত্যাবশ্যক বলেও তিনি মন্তব্য করেন।