বুধবার, 25 নভেম্বর 2026
সকল বিভাগ

জাতীয় এসএমই পণ্যমেলা আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত সপ্তাহব্যাপী এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতীয় এসএমই পণ্যমেলা আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
দেশীয় পণ্যের বাজার বিস্তার, নতুন উদ্যোক্তা তৈরি এবং ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের প্রসার ঘটানোর উদ্দেশ্যে আজ রবিবার থেকে রাজধানীতে ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬ শুরু হতে যাচ্ছে। আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত সপ্তাহব্যাপী এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর আয়োজনের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, এবারের আসরে সারা দেশ থেকে সাড়ে চারশোর বেশি প্রতিষ্ঠান তাদের পণ্য নিয়ে হাজির হবে, যার মধ্যে প্রায় ৬০ শতাংশ প্রতিষ্ঠানই পরিচালনা করছেন নারী উদ্যোক্তারা। আগামী ২৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই আয়োজন সর্বসাধারণের জন্য খোলা থাকবে। মেলায় চামড়াজাত সামগ্রী, পাদুকা, পাটপণ্য, হস্তশিল্প, ফ্যাশন ডিজাইন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হারবাল, গহনা এবং তথ্য-প্রযুক্তিসহ নানা খাতের পণ্য স্থান পাবে। পাশাপাশি সরকারের বিশেষ কর্মসূচি ‘এক গ্রাম এক পণ্য’-এর অধীনে থাকা প্রতিষ্ঠানগুলোও তাদের উৎপাদিত সামগ্রী প্রদর্শন ও বিপণনের সুযোগ পাবে।

দেশের সামগ্রিক অর্থনীতি ও শিল্পায়নে সিএমএসএমই খাতের অপরিসীম গুরুত্বের কথা উল্লেখ করে মন্ত্রী হালনাগাদ জরিপের তথ্য উপস্থাপন করেন। পরিসংখ্যান অনুযায়ী, দেশে বর্তমানে প্রায় ১ কোটি ১৭ লাখ সিএমএসএমই ইউনিট রয়েছে, যা মোট নিবন্ধিত বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রায় ৯৯ শতাংশ। শিল্প খাতের মোট শ্রমশক্তির প্রায় ৮৫ শতাংশ অর্থাৎ আনুমানিক ৩ কোটি ৪০ লাখ মানুষের জীবিকা এই খাতের ওপর নির্ভরশীল। উল্লেখযোগ্য বিষয় হলো, এই খাতের উদ্যোক্তাদের প্রায় ৭০ শতাংশই রাজধানীর বাইরের বাসিন্দা এবং ৬৫ শতাংশ নারী। বর্তমানে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) খাতটির অংশীদারিত্ব প্রায় ৩০ শতাংশ। তবে এই অর্জনে সন্তুষ্ট না থেকে আগামীতে জিডিপিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ থেকে ৬০ শতাংশে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণের তাগিদ দেন খন্দকার আবদুল মুক্তাদীর। তাঁর মতে, প্রান্তিক উদ্যোক্তাদের ব্যবসায়িক পরিধি বাড়লে কর্মসংস্থান ও স্বনির্ভরতা আরও গতিশীল হবে।

মেলা উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর বাণীতে উল্লেখ করেন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক অগ্রগতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প চালিকাশক্তি হিসেবে কাজ করে। বৈশ্বিক বাজারে টিকে থাকতে হলে পণ্যের মানোন্নয়ন ও আধুনিক বিপণন কৌশলের বিকল্প নেই। এই মেলা উদ্যোক্তাদের ব্র্যান্ডিং, দেশীয় ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং ক্রেতা-বিক্রেতার মাঝে সেতুবন্ধন তৈরিতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অন্যদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাণীতে এই আয়োজনকে উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের পরিচিতি বাড়ানো, নতুন বাজার অন্বেষণ এবং ক্রেতা ও বিনিয়োগকারীদের সাথে সরাসরি সংযোগ স্থাপনের একটি চমৎকার ক্ষেত্র হিসেবে অভিহিত করেন। তিনি আরও বলেন, দেশের তরুণ প্রজন্মকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার পাশাপাশি ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে এসএমই খাতের অপার সম্ভাবনা রয়েছে।