নাগরিক সেবা প্রদানকারী সরকারি প্রতিটি দপ্তর ও বিভাগে স্বচ্ছতা বৃদ্ধির পাশাপাশি দায়বদ্ধতা দৃঢ় করতে নিয়মিত সাংবাদিকদের মুখোমুখি হওয়ার ব্যবস্থা বা ‘মিট দ্য প্রেস’ চালু করা হচ্ছে। সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহির উদ্দিন স্বপন।
মঙ্গলবার বরিশালের গৌরনদীতে স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা ছাড়ার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। পরে রাজনৈতিক উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
জহির উদ্দিন স্বপন উল্লেখ করেন, জনসাধারণের কাছে সঠিক তথ্য দ্রুত পৌঁছে দেওয়া এবং রাষ্ট্রীয় নাগরিক সেবার পরিধি আরও গতিশীল করার লক্ষ্যেই এই উদ্যোগ। সব সেবামূলক কার্যালয়ে নিয়মিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন নিশ্চিত করা হবে, যার ফলে প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের কার্যকর মেলবন্ধন তৈরি হবে এবং নাগরিকরা সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য জানার সুযোগ পাবেন।
এলাকার মৎস্য সম্পদের আধুনিকায়ন ও বিস্তার প্রসঙ্গে তিনি জানান, গৌরনদীর রাষ্ট্রীয় মৎস্য প্রজনন কেন্দ্রের কর্মক্ষমতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হবে। সেখান থেকে উন্নত জাতের মাছের পোনা উৎপাদনের মাধ্যমে স্থানীয় চাহিদা মেটানোর পর তা জেলা ছাড়িয়ে জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
চলতি অর্থবছরের সরকারি রাজস্ব বরাদ্দের আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিকসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ কর্মকর্তা এবং জেলা ও উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।