বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

আধিপত্য থাকলেও হার এড়াতে পারল না বাংলাদেশ

মাঠে দাপট, আক্রমণে ধার—সবই ছিল; ছিল না শুধু গোল। সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে না পারায় এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে।

আধিপত্য থাকলেও হার এড়াতে পারল না বাংলাদেশ

মাঠে দাপট, আক্রমণে ধার—সবই ছিল; ছিল না শুধু গোল। সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে না পারায় এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে।

হাভিয়ের কাবরেরার শিষ্যরা পুরো ম্যাচজুড়ে লড়াকু ফুটবল খেললেও গোলের দেখা পায়নি। এর আগে গত জুনে ঢাকায় প্রথম লেগেও সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। ফলে দুই লেগ মিলিয়ে জয়হীনই থাকল লাল-সবুজের প্রতিনিধিরা। সব মিলিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে পাঁচ দেখায় তিনটিতে হার ও দুটি ড্র হয়েছে বাংলাদেশের।

ম্যাচের প্রথমার্ধেই ব্যবধান গড়ে নেয় স্বাগতিকরা। ৩১ মিনিটে মাঝমাঠ থেকে দ্রুত পাল্টা আক্রমণে উঠে ইখসান ফান্দির পাস থেকে নিখুঁত শটে বল জালে পাঠান হারিস স্টুয়ার্ট। এর আগে ১৪ মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু ফাঁকায় বল পেয়ে সমিত সোমের হেড ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। এছাড়া প্রথমার্ধে বক্সে ফাহিম ফাউলের শিকার হলেও পেনাল্টির আবেদন নাকচ হয়।

এক গোলে পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। প্রেসিং ফুটবল খেলে দুই প্রান্ত দিয়ে আক্রমণ চালিয়ে বারবার সিঙ্গাপুরের রক্ষণভাগে চাপ সৃষ্টি করে তারা। ৬১ মিনিটে ফাহিমের বদলে শাহরিয়ার ইমনকে নামান কোচ কাবরেরা। ৭২ মিনিটে ফাহামিদুল ও মোরসালিনকে তুলে বিশ্বনাথ ঘোষ ও মিরাজুল ইসলামকে মাঠে নামানো হয়।

বাংলাদেশের ধারাবাহিক চাপে কিছুটা ক্লান্ত দেখাচ্ছিল স্বাগতিকদের। ৬১ মিনিটে হাঁটুতে চোট পেয়ে মাঠে বসে পড়েন ইরফান ফান্দি। পরে ৬৬ মিনিটে ইরফান ও ইখসান—দুই ফান্দি ভাইকেই মাঠ থেকে তুলে নিতে বাধ্য হন কোচ।

৭৯ মিনিটে ম্যাচে সমতায় ফেরার সেরা সুযোগ তৈরি করে বাংলাদেশ। মাঝমাঠ থেকে পাওয়া ফ্রি-কিকে হামজা চৌধুরীর বাড়ানো ক্রস পেয়ে শট নেন বদলি নামা মিরাজুল ইসলাম। তবে দুর্ভাগ্যজনকভাবে বলটি পোস্টে লেগে ফিরে আসে।

৮৫ মিনিটে আরেকটি সুযোগ পান সমিত সোম, কিন্তু তার শট সরাসরি গোলরক্ষকের হাতে চলে যায়। নির্ধারিত সময়ের সঙ্গে যোগ করা চার মিনিটেও গোলের দেখা না পাওয়ায় শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের হার নিয়েই বাছাইপর্ব শেষ করে কাবরেরার দল।