পাকিস্তানি সামরিক বাহিনীর হামলার জবাবে ইসলামাবাদের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্য করে প্রতিশোধমূলক অভিযান চালিয়েছে আফগানিস্তানের বাহিনী। আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। অভিযানে পাকিস্তানের ১৪ জন সেনা নিহত হয়েছেন এবং আরও ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম TOLOnews।
রবিবার (১৫ মার্চ) আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেল ৫টার দিকে ইসলামাবাদের ফয়জাবাদ এলাকায় পাকিস্তানের প্রধান সামরিক স্থাপনা হামজাকে লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করা হয়। আফগানিস্তান এ সামরিক অভিযানের নাম দিয়েছে ‘রাদ-উল-জুলম’।
সামরিক বিশ্লেষক সাদিক সিনওয়ারি বলেন, আফগান প্রতিরক্ষা বাহিনীর এই প্রতিশোধমূলক হামলা স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে যে কাবুল পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালানোর পাশাপাশি দেশটির সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার সক্ষমতা রাখে।
তবে ইসলামাবাদে এই হামলার বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি পাকিস্তান।
এদিকে স্থানীয় কর্মকর্তারা টোলো নিউজকে জানিয়েছেন, পাকিস্তানের সামরিক বাহিনী আফগানিস্তানের পাকতিকা ও কুনার প্রদেশে হামলা অব্যাহত রেখেছে।
কুনার প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান জিয়াউর রহমান স্পিঞ্জার বলেন, গত ৪৮ ঘণ্টায় পাকিস্তানি বাহিনী কুনারের বিভিন্ন জেলায় ২৭১টির বেশি রকেট নিক্ষেপ করেছে। পরিস্থিতির কারণে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার আশঙ্কা বাড়ছে।