বৃহস্পতিবার, 19 নভেম্বর 2026
সকল বিভাগ

এআই নিয়ে কাজ করা কর্মীরা মানবজাতির ভবিষ্যৎ নিয়ে ‘সত্যিই আতঙ্কিত’

কক্সন বলেন, তাঁর সাবেক সহকর্মীরাও আশঙ্কা করছেন, এই বিপদ আগামী দুই বছরের মধ্যেই দেখা দিতে পারে। তাঁর ভাষ্য, এআই প্রতিষ্ঠানগুলোর কর্মীরা নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং তাঁদের কাজের প্রভাব নিয়ে ভাবছেন। এমনকি কেউ কেউ কোথাও জমি কেনার কথাও ভাবছেন, কারণ দ্রুত এআই অগ্রগতির ফলে তৈরি হতে পারে এমন অস্থিতিশীলতা নিয়ে তাঁরা এতটাই ভীত।

এআই নিয়ে কাজ করা কর্মীরা মানবজাতির ভবিষ্যৎ নিয়ে ‘সত্যিই আতঙ্কিত’
অ্যানথ্রপিকের সাবেক গবেষক জ্যাকব কক্সন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত অগ্রগতি ও এর সম্ভাব্য প্রভাব নিয়ে এ খাতে কাজ করা মানুষজন ‘সত্যিই আতঙ্কিত’ বলে জানিয়েছেন এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকে কাজ করা ২৭ বছর বয়সী সাবেক গবেষক জ্যাকব কক্সন। প্রতিষ্ঠানটি ছাড়ার পর বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমি মনে করি, আমরা যদি বর্তমান গতিতে অগ্রগতির হার কমাতে না পারি, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই আমাদের সবাই মারা যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।’

এআইয়ের ঝুঁকি নিয়ে কক্সনের পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্ট ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এর পরই তিনি বিবিসিকে সাক্ষাৎকার দেন। একই সময়ে এআই শিল্পের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে।

কক্সনের সাবেক বস ও অ্যানথ্রপিকের প্রধান ড্যারিও আমোদেই সম্প্রতি এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান জানিয়েছেন। তবে তাঁর এই আহ্বানের উদ্দেশ্য নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলেছেন।

প্রতিদ্বন্দ্বী দুই এআই প্রতিষ্ঠানের প্রধান—ওপেনএআইয়ের স্যাম অল্টম্যান ও এক্সএআইয়ের ইলন মাস্ক—আমোদেইয়ের প্রস্তাবের সঙ্গে একমত হয়েছেন। তাঁরা পুরো শিল্পজুড়ে এআই উন্নয়নের গতি কমানো ও নিয়ন্ত্রণের পাশাপাশি এআই মডেল তৈরির কার্যক্রম স্বাধীনভাবে পর্যবেক্ষণের পক্ষে মত দিয়েছেন।

শনিবার প্রকাশিত এক নিবন্ধে আমোদেই লিখেছেন, এআই প্রযুক্তির উন্নয়ন বন্ধ করার প্রশ্নই নেই। তবে এর সঙ্গে যুক্ত ঝুঁকি ‘গুরুতর’। এসব ঝুঁকি মোকাবিলায় কোম্পানি ও সরকারগুলোকে প্রয়োজনীয় সময় দিতে হবে।

অ্যানথ্রপিকে যোগ দেওয়ার আগে ওপেনএআইয়ে কাজ করা কক্সন এআই উন্নয়নের গতি কমানোর প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। তবে তাঁর মতে, আন্তর্জাতিক পর্যায়ে ‘প্রতিযোগিতার দৌড়’ এড়াতে এ বিষয়ে চীনের সঙ্গেও সমন্বয় করতে হবে।

বিবিসির অনুষ্ঠান ‘সানডে উইথ লরা কুয়েন্সবার্গ’-এ কক্সন বলেন, এসব প্রতিষ্ঠানে কাজ করা মানুষ যখন নিয়ন্ত্রণের আহ্বান জানান, তখন তাঁরা বিষয়টি নিয়ে পুরোপুরি সিরিয়াস থাকেন। কারণ তাঁরা নিজেদের একটি প্রতিযোগিতার দৌড়ে আটকে পড়া অবস্থায় দেখতে পান এবং সেই দৌড়ের পরিণতি নিয়ে ভীত।

কক্সনের মতে, সবচেয়ে কঠিন প্রশ্ন হলো—এআইয়ের কারণে যদি ভয়াবহ বিপর্যয় ঘটে, সেটি দেখতে কেমন হবে।

আমোদেই তাঁর নিবন্ধে যেসব ঝুঁকির কথা বলেছেন, তার একটি হলো এমন একদল বট তৈরি হওয়া, যারা একটি সুপারকম্পিউটারের মতো কাজ করে ইন্টারনেটের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। কক্সন বলেন, আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে এমন পরিস্থিতি বাস্তব হয়ে উঠতে পারে।

অ্যানথ্রপিকের বক্তব্য

কক্সনের প্রতিষ্ঠান ছাড়ার বিষয়ে বিবিসি নিউজকে দেওয়া এক বিবৃতিতে অ্যানথ্রপিকের এক মুখপাত্র বলেন, এআই যেমন বিপুল সুবিধা নিয়ে আসবে, তেমনি নজিরবিহীন ঝুঁকিও তৈরি করবে—এ কথা প্রতিষ্ঠানটি সব সময় স্বচ্ছতার সঙ্গে বলে আসছে।

তিনি বলেন, এসব ঝুঁকি মোকাবিলায় অ্যানথ্রপিক শিল্পের সবচেয়ে শক্তিশালী নিরাপত্তাব্যবস্থাগুলোর কয়েকটি সমন্বিত মডেল তৈরি করছে।

অ্যানথ্রপিকের ওই মুখপাত্র আরও বলেন, এআই মডেল কীভাবে কাজ করে, তা নিয়ে গবেষণার ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা পালন করছে। মডেল তৈরির কারণে সৃষ্ট ঝুঁকি কমাতে একটি কাঠামো প্রকাশ করা প্রতিষ্ঠানটি প্রথম। পাশাপাশি তারা নিজেদের মডেলগুলো ‘আগ্রাসীভাবে’ পরীক্ষা করে এবং সেই পরীক্ষার ফলাফল প্রকাশ করে। এর মাধ্যমে মডেলগুলোর বিষয়ে যাচাই-বাছাই সহজ করা এবং ‘এআই মিসঅ্যালাইনমেন্ট’ বা এআইয়ের উদ্দেশ্য ও মানুষের উদ্দেশ্যের মধ্যে অসামঞ্জস্যজনিত ঘটনা ঠেকানোর চেষ্টা করা হয়।

তিনি বলেন, শক্তিশালী এআই মডেল কীভাবে প্রকাশ করা হবে, তার গতি নির্ধারণে পুরো শিল্পকে আইনসম্মত ও যাচাইযোগ্য উপায়ে একসঙ্গে কাজ করার সুযোগ দিলে বিশ্ব উপকৃত হবে।

কক্সন বলেন, তাঁর সাবেক সহকর্মীরাও আশঙ্কা করছেন, এই বিপদ আগামী দুই বছরের মধ্যেই দেখা দিতে পারে। তাঁর ভাষ্য, এআই প্রতিষ্ঠানগুলোর কর্মীরা নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং তাঁদের কাজের প্রভাব নিয়ে ভাবছেন। এমনকি কেউ কেউ কোথাও জমি কেনার কথাও ভাবছেন, কারণ দ্রুত এআই অগ্রগতির ফলে তৈরি হতে পারে এমন অস্থিতিশীলতা নিয়ে তাঁরা এতটাই ভীত।

তিনি বলেন, প্রযুক্তিটি নিয়ে কাজ করার সময় তাঁরা প্রতিদিনই এসব বিষয় মাথায় রাখেন।

এআই নিয়ে আশাবাদও আছে

তবে এআইয়ের ভবিষ্যৎ নিয়ে কক্সনের মধ্যে কিছুটা আশাবাদও রয়েছে। বিবিসিকে তিনি বলেন, এআই নিয়ে গবেষণাকারীরা ‘সত্যিই এর ইতিবাচক দিক দেখতে চান’। এর মধ্যে রোগ নিরাময় এবং সবার জীবনযাত্রার মান উন্নত করার মতো সম্ভাবনা রয়েছে।

কক্সনের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের পর এআই শিল্পের আরও অনেকে তাঁদের উদ্বেগের কথা জানিয়েছেন। তাঁদের মধ্যে অ্যানথ্রপিকের বিজ্ঞানী ইভান হাবিঙ্গারও রয়েছেন।

হাবিঙ্গার বলেন, ‘আমরা সত্যিই আন্তরিকভাবে বিশ্বাস করি যে এআই সব মানুষকে হত্যা করতে পারে। ব্যক্তিগতভাবে আমি মনে করি, আগামী এক দশকে এমনটা ঘটার সম্ভাবনা ১০ শতাংশের বেশি।’

‘এআইয়ের গডফাদার’ হিসেবে পরিচিত কম্পিউটার বিজ্ঞানী ও নোবেল পুরস্কারজয়ী জিওফ্রি হিন্টনও শুক্রবার বিবিসিকে বলেন, এআইয়ের কারণে সব মানুষ মারা যাওয়ার ১০ শতাংশ সম্ভাবনা রয়েছে—এমন ধারণা ‘অযৌক্তিক নয়’।

এদিকে এআই নিরাপত্তা প্রতিষ্ঠান ফ্যাকাল্টির প্রধান নির্বাহী মার্ক ওয়ার্নার বিবিসির ‘দ্য ওয়ার্ল্ড দিস উইকেন্ড’ অনুষ্ঠানে বলেন, এআইয়ের কারণে সব মানুষ মারা যাওয়ার সম্ভাবনা কতটা, তা নির্ধারণ করা ‘অত্যন্ত কঠিন’।

তবে তিনি বলেন, এসব মানুষ যে বিষয়টি নিয়ে খুবই আন্তরিক, তা স্বীকার করা গুরুত্বপূর্ণ। কয়েক বছর ধরে এআই নিয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরাই এর ঝুঁকির বিষয়টি তুলে আসছেন বলেও উল্লেখ করেন তিনি।

অ্যানথ্রপিকের বেতনভুক্ত উপদেষ্টা ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকও সানডে টাইমসে লিখেছেন, সাধারণভাবে তিনি আশাবাদী হলেও মানবতার জন্য এআইয়ের ঝুঁকি নিয়ে তিনিও উদ্বিগ্ন।

‘মন্তব্য অতিরঞ্জিত’

তবে শিল্পটির কিছু ব্যক্তিত্ব মনে করেন, এসব মন্তব্য অতিরঞ্জিত করা হচ্ছে অথবা এগুলোর উদ্দেশ্য হতে পারে এআই নিয়ে অতিরিক্ত আগ্রহ ও উত্তেজনা তৈরি করা।

এআই প্ল্যাটফর্ম হাগিং ফেসের প্রধান নির্বাহী ক্লেমঁ দেলাংগে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, এআইয়ের কারণে মানবজাতি বিলুপ্ত হওয়ার ঝুঁকি নিয়ে কক্সনকে প্রশ্ন করা অনেকটা জলবায়ু পরিবর্তন নিয়ে এয়ার কন্ডিশনার মিস্ত্রির মতামত জানতে চাওয়ার মতো। তবে তিনি বলেন, বিষয়টি নিজে থেকেই অগুরুত্বপূর্ণ বা ভুল নয়; বরং এটিকে বাস্তব প্রেক্ষাপটে দেখা উচিত।

আমোদেইয়ের নিবন্ধ প্রকাশের পর অবশ্য দেলাংগে অ্যানথ্রপিকের প্রধানের প্রস্তাবিত সম্ভাব্য সমাধানের অংশ হতে সহযোগিতার প্রস্তাব দেন।

গ্রাইন্ডারের প্রধান নির্বাহী জর্জ অ্যারিসনও বিবিসির সঙ্গে কথা বলার সময় একই ধরনের মত দেন। তাঁর পরামর্শ ছিল, অ্যানথ্রপিকসহ অন্য প্রতিষ্ঠানগুলো বিনিয়োগকারীদের সমর্থন আদায়ের জন্য এ ধরনের বক্তব্য দিচ্ছে।

তিনি বলেন, এসব প্রতিষ্ঠানের বিপুল মূল্যায়নকে যৌক্তিক প্রমাণ করার একমাত্র উপায় হলো দাবি করা—তারা প্রতিটি শিল্পের নিয়ন্ত্রণ নেবে এবং প্রতিটি চাকরির দায়িত্ব নেবে, আর তাদের এআই এসব কাজ করবে।

এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংও গত সপ্তাহে বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস আয়োজিত একটি সম্মেলনে কক্সনের মন্তব্য নিয়ে কথা বলেছেন বলে অনুষ্ঠানে থাকা একাধিক ব্যক্তি বিবিসিকে জানিয়েছেন। তাঁদের দাবি, হুয়াং কক্সনের মন্তব্যকে অসত্য বলে উড়িয়ে দিয়েছেন।

যুক্তরাষ্ট্র-চীন প্রতিযোগিতা ও আইপিও

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সাংবাদিকদের বলেন, এআইয়ের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ‘চীনের চেয়ে এগিয়ে আছে’। তিনি বলেন, ‘সত্যি বলতে, আমি এটিই ধরে রাখতে চাই। কারণ যে এআইয়ে জিতবে, সে-ই জিতবে।’

অন্য সমালোচকেরা বলছেন, প্রতিযোগীদের আটকে দিয়ে অ্যানথ্রপিক ও ওপেনএআইকে এআই খাতের দুটি প্রধান প্রতিষ্ঠানের অবস্থানে রাখার জন্য প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে।

অ্যানথ্রপিক শেয়ারবাজারে একটি সম্ভাব্য রেকর্ড গড়ার মতো প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর প্রস্তুতি নিচ্ছে বলেও খবর রয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষ প্রতিষ্ঠানটির শেয়ার কেনার সুযোগ পাবেন।

সর্বশেষ অ্যানথ্রপিকের মূল্যায়ন যেখানে ৮৫২ বিলিয়ন ডলার বা ৬৩০ বিলিয়ন পাউন্ড করা হয়েছিল, সেখানে ওপেনএআইও একই ধরনের আইপিও করবে বলে ধারণা করা হচ্ছিল। তবে ওপেনএআইয়ের প্রধান স্যাম অল্টম্যান শুক্রবার বলেন, এ বছর এমন কোনো আইপিও হবে না। এআই নিরাপত্তা নিয়ে উদ্বেগকেই তিনি এর কারণ হিসেবে উল্লেখ করেন।