বুধবার, 21 অক্টোবর 2026
সকল বিভাগ

আজ সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী, কী থাকছে সফরসূচিতে

নতুন সরকার গঠনের আড়াই মাস পূর্ণ হওয়ার মাহেন্দ্রক্ষণে আজ শনিবার সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম সিলেট সফর।

আজ সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী, কী থাকছে সফরসূচিতে
ছবি: সংগৃহীত

নতুন সরকার গঠনের আড়াই মাস পূর্ণ হওয়ার মাহেন্দ্রক্ষণে আজ শনিবার সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম সিলেট সফর।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে গত ২২ জানুয়ারি দলীয় প্রধান হিসেবে সিলেটে নির্বাচনী জনসভা করেছিলেন তিনি। তবে এবারের চিত্র ভিন্ন; দীর্ঘ সময় পর রাষ্ট্রপ্রধান হিসেবে তার এই আগমনকে ঘিরে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক মহলে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। সফরটি স্মরণীয় করে রাখতে ইতোমধ্যেই যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

শনিবারের এই ব্যস্ততম সূচিতে প্রধানমন্ত্রী মাজার জিয়ারত থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে অংশগ্রহণ করবেন। সকাল ১০টায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে সরাসরি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে গিয়ে জিয়ারত ও মোনাজাতে অংশ নেবেন।

বেলা ১১টার দিকে সুরমা নদীর তীরবর্তী চাঁদনীঘাট এলাকায় সিটি করপোরেশনের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। এরপর নগর ভবনের সম্মুখে আয়োজিত সুধী সমাবেশে জনগণের উদ্দেশ্যে ভাষণ দেবেন। দুপুরের দিকে সদর উপজেলার কান্দিগাঁওয়ে বহুল প্রত্যাশিত বাসিয়া খাল খনন কার্যক্রমের সূচনা করার কথা রয়েছে তার।

মধ্যাহ্নভোজের বিরতি শেষে বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত একটি দলীয় সভায় যোগদান করবেন। সব কর্মসূচি শেষে আজ সন্ধ্যা ৭টায় তার আকাশপথে ঢাকা ফেরার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফর নিয়ে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, সিলেটের সার্বিক উন্নয়ন ও জনদাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে সবিস্তারে তুলে ধরা হবে। প্রিয় নেতাকে স্বাগত জানাতে পুরো সিলেট এখন প্রস্তুত।