শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

আজীবন সম্মাননায় নায়ক আলমগীর, সেরা অভিনেতা-অভিনেত্রী নিশো ও তমা

দেশের শোবিজ অঙ্গনের অন্যতম কাঙ্ক্ষিত ও মর্যাদাপূর্ণ সন্ধ্যাটি আরও একবার রঙিন হয়ে উঠল তারকাদলের মেলায়। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ২৭তম ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫’। আফরান নিশো ও মেহজাবীনের সঞ্চালনায় অনুষ্ঠানটি অন্য মাত্রা পায়। দেশের সংগীতাঙ্গনের অন্যতম পরিচিত মুখ জেমস ও নায়ক আলমগীরসহ একাধিক গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।

আজীবন সম্মাননায় নায়ক আলমগীর, সেরা অভিনেতা-অভিনেত্রী নিশো ও তমা
ছবি: সংগৃহীত

দেশের শোবিজ অঙ্গনের অন্যতম কাঙ্ক্ষিত ও মর্যাদাপূর্ণ সন্ধ্যাটি আরও একবার রঙিন হয়ে উঠল তারকাদলের মেলায়। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ২৭তম ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫’। আফরান নিশো ও মেহজাবীনের সঞ্চালনায় অনুষ্ঠানটি অন্য মাত্রা পায়। দেশের সংগীতাঙ্গনের অন্যতম পরিচিত মুখ জেমস ও নায়ক আলমগীরসহ একাধিক গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। 

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় অনুষ্ঠিত ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫’—এর উল্লেখযোগ্য ঘটনাগুলো ‘দ্য ভয়েস২৪’—এর পাঠকদের জন্য তুলে ধরা হলো— 

আজীবন সম্মাননায় আলমগীর, বিশেষ সম্মাননায় জেমস

এবারের আসরে চলচ্চিত্রের রূপালি জগতের কিংবদন্তি অভিনেতা আলমগীরকে তার সুদীর্ঘ ক্যারিয়ারের স্বীকৃতিস্বরূপ ‘আজীবন সম্মাননা’ প্রদান করা হয়। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী এবং প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এই বরেণ্য শিল্পীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অন্যদিকে, দেশের সংগীতে অসামান্য অবদানের জন্য বিশেষ সম্মাননা জানানো হয় বাংলা রকের প্রাণপুরুষ মাহফুজ আনাম জেমসকে।

সঞ্চালনায় নিশো-মেহজাবীন রসায়ন

পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীল ও প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন জনপ্রিয় অভিনয়শিল্পী আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। তাদের দক্ষ সঞ্চালনা এবং দারুণ রসায়ন দর্শকদের পুরো সময় মন্ত্রমুগ্ধ করে রাখে।

বিজয়ীদের তালিকায় যারা

২০২৫ সালের সেরা কাজগুলোর ওপর ভিত্তি করে জনপ্রিয় ক্যাটাগরিতে ৩২ জন এবং সমালোচক (ক্রিটিক) ক্যাটাগরিতে ৩৬ জন শিল্পী চূড়ান্ত মনোনয়ন পেয়েছিলেন। দর্শক জরিপ ও বিচারকদের নম্বর—উভয় ক্ষেত্রেই সেরা অভিনেতার পুরস্কার জয় করেন আফরান নিশো। অন্যদিকে, দর্শকের বিচারে সেরা অভিনেত্রীর তকমা পান তমা মির্জা। এছাড়া ‘সেরা নবীন অভিনয়শিল্পী’ হিসেবে পুরস্কৃত হয়েছেন শাম্মি ইসলাম নীলা।

একটি ঐতিহ্যের ২৭ বছর

১৯৯৯ সালে যে যাত্রার সূচনা হয়েছিল, আজ তা বিনোদন জগতের এক অনন্য মাইলফলক। স্কয়ার টয়লেট্রিজ ও প্রথম আলোর এই যৌথ প্রচেষ্টাকে দেশের সংস্কৃতির বিকাশে একটি বলিষ্ঠ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন আমন্ত্রিত অতিথিরা। জমকালো এই পুরস্কার প্রদান পর্বের পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় তারকাদের চোখধাঁধানো সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানটিতে ভিন্ন মাত্রা যোগ করে।