আইপিএল থেকে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় দেশ ও ক্রিকেটের সম্মান জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর ভাষায়, একজন জাতীয় ক্রিকেটারকে অপমান করা হলে সেটি দেশের মর্যাদার ওপরই আঘাত।
সোমবার সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমি আগে ক্রিকেট খেলতাম এবং বোর্ডের মেম্বারও ছিলাম। এখন ক্রিকেট খেলি না, এখন রাজনীতি করি। এই ক্রিকেটের ব্যাপারে আন্তর্জাতিক বিষয় জড়িত আছে। ক্রিকেটের সঙ্গে আমাদের দেশের সম্মান জড়িয়ে আছে।’
মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল আরও বলেন, ‘আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে। এতে আমরা মনে করি, আমাদের দেশকে অপমান করা হয়েছে। এক্ষেত্রে আমরা কি ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে একমত?’
এ সময় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘সরকারের ব্যর্থতা তারা অস্ত্র উদ্ধার করতে পারছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত সেইভাবে উন্নত হয়নি।’
রাজনৈতিক প্রসঙ্গে তিনি দাবি করেন, ‘বিএনপি একটি পরীক্ষিত বড় রাজনৈতিক দল। এ দেশে যা ভালো অর্জন হয়েছে তা বিএনপির সময় হয়েছে।’
আন্তর্জাতিক নদীর পানিবণ্টন ইস্যুতেও বক্তব্য দেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘তিস্তা, পদ্মাসহ অভিন্ন সব নদী থেকে ভারতের কাছে পানির হিস্যা আদায় করা হবে।’
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, বিএনপি নেতা আনসারুল হক, চৌধুরী মহেবুল্লাহ আবু নুর, কামাল হোসেনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।