ভারতের আসামে জোরহাট বিমানঘাঁটিতে অবতরণের সময় ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি এএন-৩২ পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে।
শনিবার (১৩ জুন) সকালে জোরহাট বিমানঘাঁটির ভেতরেই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। অবতরণের সময় ভেঙে পড়ার পরপরই এতে আগুন ধরে যায়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর আগুন নিয়ন্ত্রণ এবং উদ্ধার তৎপরতার জন্য দ্রুত জরুরি সেবা ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়। তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পাশাপাশি এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কিনা, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
ভারতীয় বিমানবাহিনী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, পরিস্থিতি পর্যালোচনার পর বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে বাহিনীটি।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক বিবৃতিতে বলেন, ‘জোরহাটে বিমানবাহিনীর পরিবহন বিমান দুর্ঘটনার খবর আমরা জেনেছি। বিস্তারিত তথ্যের জন্য আমরা অপেক্ষা করছি।’
সামরিক পরিবহনের ক্ষেত্রে এএন-৩২ বিমানকে ভারতীয় বিমানবাহিনীর অন্যতম নির্ভরযোগ্য বিমান হিসেবে বিবেচনা করা হয়। এটিকে বাহিনীর ‘ওয়ার্কহর্স’ হিসেবেও উল্লেখ করা হয়। সোভিয়েত ইউনিয়নে ভারতের প্রয়োজন বিবেচনায় তৈরি করা এই দুই ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ বিমানটি দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে।
বর্তমানে ভারতীয় বিমানবাহিনীতে এ ধরনের প্রায় ১০০টি বিমান রয়েছে। প্রতিকূল আবহাওয়া, উঁচু পাহাড়ি এলাকার বিমানঘাঁটি কিংবা উষ্ণ ও আর্দ্র জলবায়ুতেও এটি পরিচালনার সক্ষমতা রাখে।
এএন-৩২ বিমান সর্বোচ্চ সাড়ে সাত টন পণ্য, ৫০ জন যাত্রী অথবা ৪২ জন প্যারাসুটার বহনে সক্ষম। দুর্গম ও প্রত্যন্ত এলাকায় সামরিক সরঞ্জাম ও রসদ পৌঁছে দিতে বিমানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এর আগে আসামের কার্বি আংলং জেলায় ভারতীয় বিমানবাহিনীর একটি সুখোই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দুই পাইলট নিহত হন। ওই ঘটনার কয়েক মাসের মধ্যেই আবারও রাজ্যটিতে বিমানবাহিনীর আরেকটি বিমান দুর্ঘটনার শিকার হলো।
গত ৫ মার্চ জোরহাট বিমানঘাঁটি থেকে নিয়মিত উড্ডয়নের অংশ হিসেবে দুই আসনবিশিষ্ট সুখোই যুদ্ধবিমানটি আকাশে ওঠে। পরে রাত পৌনে ৮টার দিকে গ্রাউন্ড কন্ট্রোলের সঙ্গে সেটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরবর্তীতে জোরহাট থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে কার্বি আংলং জেলার একটি দুর্গম পাহাড়ি এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। ওই দুর্ঘটনায় দুই পাইলটই নিহত হন।
সূত্র: এনডিটিভি