বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

আসন্ন বাজেটে কি সিগারেটের ওপর বাড়তি কর আরোপ হবে? যা জানা গেল

আগামী অর্থবছরের বাজেটে সিগারেটের ওপর নতুন কোনো শুল্ক বা কর আরোপের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে সিগারেটের দাম পুনর্নির্ধারণের বিষয়টি বিবেচনায় রয়েছে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন।

সোমবার আগারগাঁওয়ের রাজস্ব ভবনে তামাক খাতের সাতটি সংগঠনের সঙ্গে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘সিগারেটের ওপর ৮৩ শতাংশের বেশি শুল্ক-কর যাওয়ার উপায় নেই।’ একইসঙ্গে তিনি উল্লেখ করেন, দক্ষিণ এশিয়ার কোনো দেশেই বাংলাদেশের মতো এত কম দামে সিগারেট পাওয়া যায় না। তিনি বলেন, ‘তবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের দাম দেখে হয়তো দাম পুনর্নির্ধারণ করা যায়। কারণ, এত কম দামে আমাদের আশপাশের কোনো দেশে সিগারেট পাওয়া যায় না।’

সভায় জাপান টোব্যাকোর প্রতিনিধিরা দাবি করেন, বাংলাদেশ বিশ্বের সর্বোচ্চ কর আরোপকারী দেশগুলোর মধ্যে একটি হওয়ায় নতুন করে কর বৃদ্ধি না করার বিষয়টি বিবেচনা করা উচিত।

এছাড়া ন্যাশনাল সিগারেট ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো অবৈধ সিগারেট আমদানিকে খাতটির বড় ঝুঁকি হিসেবে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করে।

জবাবে এনবিআর চেয়ারম্যান জানান, অবৈধ সিগারেট ব্যবসা নিয়ন্ত্রণে প্রতিটি সিগারেটের গায়ে এয়ার কোড বসানোর উদ্যোগ নেওয়া হবে।

অন্যদিকে আলোচনায় মোবাইল খাতের দুটি সংগঠনও তাদের প্রস্তাব তুলে ধরে। অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস সিম কার্ড হারানোর পর পুনরায় ইস্যুর ক্ষেত্রে নেওয়া ৩০০ টাকা ভ্যাট প্রত্যাহারের দাবি জানায়, এটিকে দ্বৈত কর হিসেবে উল্লেখ করে। পাশাপাশি মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অবৈধ ও অনানুষ্ঠানিক মোবাইল ফোন আমদানি ঠেকাতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (NEIR) বাস্তবায়নের দাবি জানায়।