বাগেরহাটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক ঝটিকা অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি শামীম হোসেনকে তার স্ত্রী ও শাশুড়িসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার দুপুরে শহরের নাগেরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শামীম একটি হত্যা মামলার পলাতক আসামি। অভিযানের সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী ২৩ আরই ব্যাটালিয়নের মেজর আশরাফ জামান ও লেফটেন্যান্ট জারিফের নেতৃত্বে বাগেরহাট সদর চিংড়ি গবেষণা ক্যাম্পের একটি দল নাগেরবাজার এলাকায় দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই অভিযান চালায়। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. শামীম হোসেন (৩৮), তার স্ত্রী মোসা. আদরী এবং শাশুড়ি মোসা. মমতাজ বেগম। বিষয়টি বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে নিশ্চিত করেন মেজর আশরাফ জামান।
অভিযান চলাকালে শামীমের বসতবাড়ি তল্লাশি করে ৫০০ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা, মাদক সেবনের সরঞ্জাম এবং ৭টি দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়। এছাড়াও নগদ ১ লাখ ৬০ হাজার ১০৮ টাকা, ৮টি সিসি ক্যামেরা, ১টি হার্ডডিস্ক, ৫টি মোবাইল ফোন, ৩টি আইডি কার্ডসহ মাদক ব্যবসার কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ উদ্ধার করেছে যৌথ বাহিনী।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, শামীম দীর্ঘদিন ধরে এলাকায় আত্মগোপন করে মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছিলেন। তার বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় একটি হত্যা মামলাসহ দুটি মামলা বিচারাধীন রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।