জার্মানির রাজধানী বার্লিনে সফরকালে অপ্রীতিকর ঘটনার মুখে পড়েছেন ইরানের সাবেক শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলভি। তার ওপর লাল রঙের মতো একটি তরল নিক্ষেপের অভিযোগে একজনকে আটক করেছে জার্মান পুলিশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বার্লিনে এ ঘটনা ঘটে। তবে এতে রেজা পাহলভি গুরুতরভাবে আহত হননি বলে জানা গেছে। খবরটি প্রকাশ করেছে আনাদলু এজেন্সি।
প্রতিবেদন অনুযায়ী, একটি ফেডারেল প্রেস কনফারেন্স শেষ করে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গাড়ির দিকে যাওয়ার সময় এক ব্যক্তি তার কাছে এগিয়ে আসে এবং তরলটি নিক্ষেপ করে। এটি তার ঘাড় ও কাঁধের পেছনে লাগে। ঘটনাস্থলেই পুলিশ দ্রুত অভিযুক্তকে আটক করে।
ঘটনার পর রেজা পাহলভি দ্রুত গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন। এর আগে একই সংবাদ সম্মেলনে তিনি ইরানে হামলার পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন।
৬৫ বছর বয়সী রেজা পাহলভি ইরানের শেষ শাহ শাসকের ছেলে। তার বাবা ১৯৭৯ সালের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। নির্বাসিত অবস্থায় থাকলেও রেজা পাহলভি এখনো ইরানে ফিরে গিয়ে দেশটিতে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আকাঙ্ক্ষার কথা প্রকাশ করে আসছেন।